logo

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯২

এফই অনলাইন ডেস্ক | Thursday, 10 February 2022


ভারত মহাসাগরের দ্বীপদেশ মাদাগাস্কারে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলো থেকে তথ্য আসতে থাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে বলে বুধবার জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা।

ঘূর্ণিঝড়টি শনিবার রাতে দ্বীপটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ার পর বহু ঘরবাড়ি ধ্বংস করে, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। ঝড়টি রোববার রাতে দ্বীপটি ছেড়ে আফ্রিকার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায়, পেছনে ধ্বংস হওয়া ও ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলোতে ৯১ হাজার মানুষকে ফেলে রেখে যায়।

বুধবার সকালে দেশটির দুর্যোগ প্রশমণ সংস্থা মৃত্যুর সংখ্যা ২৯ থেকে বাড়িয়ে ৮০ জন করেছিল। এদের মধ্যে ৬০ জনের মৃত্যু দক্ষিণপূর্বাঞ্চলীয় ইকোনগো জেলায় হয়েছে বলে জানিয়েছে তারা। ইকোনগোতে কী ঘটেছে তার বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।

পার্লামেন্টে এই জেলার প্রতিনিধিত্বকারী এক সদস্য এর আগে জানিয়েছিলেন, ইকোনগোতে বহু মানুষের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যুই পানিতে ডুবে অথবা ঘরবাড়ি ধসে হয়েছে।

দুর্যোগ প্রশমণ সংস্থা জানিয়েছে, বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য ফ্রান্স ও জার্মানি থেকে ত্রাণ কর্মীরা মাদাগাস্কারে এসেছেন।

এ দ্বীপটিতে দুই সপ্তাহের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় বাতসিরাই। এর আগে দ্বীপটির আরও উত্তর দিকে ঘূর্ণিঝড় আনার তাণ্ডবে ৫৫ জন নিহত ও এক লাখ ৩০ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছিল।

প্রায় তিন কোটি জনসংখ্যার মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলে দীর্ঘ দিন ধরে মারাত্মক খরা চলছে। এর কারণে সেখানে দেখা দেওয়া খাদ্যাভাবের সঙ্গে লড়ছে দেশটি। বাতসিরাইয়ের তাণ্ডবে প্রায় পাকা ধান, ফল ও অন্যান্য শাকসবজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে বলে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী জানিয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাতে দক্ষিণপূর্বাঞ্চলের বিস্তৃত এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ওই অঞ্চলের ১২টি সড়ক ও ১৪টি সেতু ব্যবহার করা যাচ্ছে না। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর তাতে সেখানে ত্রাণ সরবরাহে বিঘ্ন ঘটছে।