logo

মডার্নার টিকা শুক্র ও শনিবার দুই চালানে আসছে

Thursday, 1 July 2021


যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের ২৫ লাখ ডোজ টিকা শুক্র ও শনিবার দুই চালানে বাংলাদেশে পৌঁছাবে।

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বরাত দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান, ১২ লাখ ডোজ টিকার প্রথম চালান নিয়ে একটি ফ্লাইট শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। পরদিন বাকি ১৩ লাখ ডোজ টিকার চালান আসবে।

টিকা নিতে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে তিনি জানান।


শুক্রবার জাহিদ মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো মডার্নার ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে।

সেগুলো ২ অথবা ৩ জুলাই বাংলাদেশে এসে পৌঁছুবে বলে মঙ্গলবার তিনি জানান।

ইতিমধ্যে মার্কিন কোম্পানি মডার্নার তৈরি টিকা জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মডার্নার টিকা পৌঁছুলে এটা হবে বাংলাদেশে আসা করোনাভাইরাসের চতুর্থ টিকা। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক এবং চীনের সিনোফার্মের টিকা এসেছে বাংলাদেশে।