ভোজ্য তেলের দাম কমাতে ভ্যাট তোলা হচ্ছে
এফই অনলাইন ডেস্ক | Wednesday, 9 March 2022
ভোজ্য তেলের বাজার সামলাতে ভ্যাট তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ব্যবসায়ীদের দাবির মুখে বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্য তেলের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে চিঠি দিয়েছিল এনবিআরকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ওই চিঠির পরিপ্রেক্ষিতেই নিত্যপণ্যটির উপর থেকে ভ্যাট প্রত্যাহার নিয়ে ‘কাজ চলছে’ বলে বুধবার জানিয়েছেন এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় আমাদের কাছে ভোজ্য তেলের চলমান পরিস্থিতিতে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা এখন বিষয়টি নিয়ে কাজ করছি।”
এবিষয়ে ঘোষণা ‘শিগগিরই আসতে পারে’ বলে জানান এই এনবিআর সদস্য।
এদিকে ভোজ্য তেল ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, “তারা (এনবিআর) এবিষয়ে ইতিবাচক। আশা করি, অচিরেই একটা সুখবর পাওয়া যাবে।”