logo

ভারতে এক দিনে নতুন কোভিড রোগী বাড়ল ৫৫ শতাংশ

এফই অনলাইন ডেস্ক | Wednesday, 5 January 2022


বিশ্বজুড়ে ওমিক্রনের ত্রাসের মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পর ভারতেও কোভিড রোগী দ্রুত বাড়তে শুরু করেছে; মঙ্গলবার এক দিনেই শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৯৭ জন কোভিড রোগী, যা আগের দিনের চেয়ে ৫৫ শতাংশ বেশি।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চার দিনেই দ্বিগুণ হয়ে গেছে। সোমবার সেখানে ৩৭ হাজার ৩৭৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, তার আগের দিন শনাক্ত হয়েছিল ৩৩ হাজার ৭৫০ জন।

মহামারীর পুরো সময়ে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে তিন কোটি ছাড়িয়ে গেছে। মঙ্গলবার আরও ৫৩৪ জনের মৃত্যুতে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৮২ হাজার ৫৫১ জনে।

এনডিটিভি জানিয়েছে, ভারতে এ পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৬৫৩ জন ওমিক্রনের রোগী ধরা পড়েছে, দিল্লিতে শনাক্ত হয়েছে ৪৬৪ জন।

এই মুহূর্তে পুরো ভারতে কোভিড নিয়ে চিকিৎসাধীন আছেন ২ লাখ ১৪ হাজার ৪ জন, অর্থাৎ আক্রান্ত হওয়ার পর তারা এখনও সেরে ওঠেননি।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত রোগীর হার বেড়ে আবার চার শতাংশের উপরে উঠে গেছে, যা এক পর্যায়ে ২ শতাংশের নিচে নেমেছিল।