ব্যবসায়ী হওয়া কি আমার অপরাধ: বাণিজ্যমন্ত্রী
Tuesday, 5 April 2022
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে ‘সিন্ডিকেট’ নিয়ন্ত্রণে ‘ব্যর্থতার’ অভিযোগে ব্যবসায়ী পরিচয় নিয়ে সংসদ সদস্যদের তোপের মুখে বাণিজ্যমন্ত্রী ট্পিু মুনশি বলেছেন, ‘ব্যবসায়ী বলেই আমার অপরাধ’।
মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপির সংসদ সদস্যরা ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ ‘যথেষ্ট নয়’ দাবি করে তার ব্যবসায়ী পরিচিতি নিয়েও কথা তোলেন।
বিরোধী সংসদ সদস্যদের অভিযোগের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তিনি ব্যবসায়ী এটি বেশি করে বলা হয়। তিনি প্রশ্ন রাখেন ব্যবসায়ী হওয়া কি অপরাধ? খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বাণিজ্যমন্ত্রী বলেন, “আমি বরাবরই লক্ষ্য করি একটা ব্যাপার, কোনো কোনো সদস্য আমার মন্ত্রণালয়ের কোনো কথা বলতে গেলে, প্রথমেই বলেন যে বাণিজ্যমন্ত্রী নিজে ব্যবসায়ী সেহেতু সেই দিকটাকেই বেশি করে দেখানো হয়।”
টিপু মুনশি বলেন, “ব্যবসা করি আজকে ৪০ বছর, রাজনীতি করি আজকে ৫৬ বছর। ৬৬ সাল থেকে শুরু করেছি, কিন্তু রাজনীতিবিদ হতে পারি নাই। এই ঢাকা শহরে অর্ধেকের ছাত্রলীগের সভাপতি ছিলাম ৭৩ সালে। ৬৯ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। এই সংসদ ভবন যেখানে সেখানকার সভাপতি ছিলাম। বাবার সাথে মুক্তিযুদ্ধ করতে গিয়েছি। এরকম উদাহরণ খুব একটা পাবেন না।
“কিন্তু দুর্ভাগ্য আমার, উকিল যখন পার্লামেন্ট মেম্বার হয়, ডাক্তার যখন হয়, তাকে কেউ বলে না যে উকিল কেন আসছে? কিন্তু আমি ব্যবসায়ী বলে আমার অপরাধ।”
যুদ্ধের কারণে ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা তিনি কখনও বলেননি দাবি করে বাণিজ্যমন্ত্রী জানান, প্রতি মাসে তেলের দাম নির্ধারণ করা হয়। এখন বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে।
মন্ত্রী বলেন, “সরকার কোথাও ব্যবসা নিয়ন্ত্রণ করে না। ব্যবসায়ীদের সহায়তা করে। যে কেউ চাইলে তেল আমদানি করতে পারে। সরকার সিন্ডিকেট এটা ভাবার কোনো কারণ নেই।
“একটি টিসিবির ট্রাক থেকে আড়াইশ মানুষকে পণ্য দেওয়া হয়। ছবি দেখানো হয়, পণ্যের জন্য মানুষ দৌড়াচ্ছে। ৩০০ জন লাইনে দাঁড়ালে ৫০ জন পাবেন না। বাকি ২৫০ জন যে পণ্য পেয়েছেন সেটা দেখানো হয় না।”
বাণিজ্যমন্ত্রী বলেন, “সিন্ডিকেট বলে যাদের কথা বলা হচ্ছে তারা কেউ রাজনীতি করেন না, তারা কেউ এমপি নন। সরকার চেষ্টা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত ফলোআপ করছেন।”