বেসরকারি শিক্ষকদের ৬ মাসের বেশি বরখাস্ত রাখা যাবে না: হাই কোর্ট
Thursday, 9 September 2021
অনুমোদিত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাই কোর্ট। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।
আদালতে রুল শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
হুমায়ুন বলেন, ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত না রাখার নির্দেশনাটি ১৯৭৯ সালের বেসরকারি শিক্ষকদের চাকরিবিধিতে অন্তর্ভুক্ত করতেও নির্দেশ দিয়েছে আদালত।
মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়।
দীর্ঘ ১৪ বছরেও সে অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় ২০১৭ সালে বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন বাদশা মিয়া।
সে আবেদনে প্রাথমিক শুনানির পর বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে আদালত রুল জারি করে।
সেই রুল শুনানির পর নিষ্পত্তি করে রায় দিল উচ্চ আদালত।