বেসরকারি খাতের বিদেশি ঋণ কমেছে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে
এফই অনলাইন প্রতিবেদন | Sunday, 14 February 2021
ব্যক্তি বা বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে মোট ঋণ গ্রহণ ২০২০ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কিছুটা কমেছে।
বাংলাদেশ ব্যাংকের হালানাগদ পরিসংখ্যান থেকে দেখা যায় যে জুন শেষে যেখানে বেসরকারি খাতের বিদেশি ঋণের স্থিতি ছিল এক হাজার ৪০৮ কোটি ৬৪ লাখ ডলার, সেখানে সেপ্টেম্বর শেষে তা নেমে এসেছে এক হাজার ৩৬৩ কোটি ৮৩ লাখ ডলারে।
তার মানে জুলাই-সেপ্টেম্বর সময়কালে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে ৪৪ কোটি ৮১ লাখ ডলার বা তিন দশমিক ২০ শতাংশ। অন্যভাবে বললে, এই সময়কালে ঋণ গ্রহণের চেয়ে আগের নেয়া ঋণ পরিশোধের পরিমাণ ছিল বেশি।
বিদেশ থেকে বেসরকারি খাতের নেয়া ঋণের মধ্যে সাড়ে ২১ শতাংশই হলো বাণিজ্যিক ঋণ। আর এই সময়কালে বাণিজ্যিক ঋণই কমেছে ২৪ কোটি ডলার।
বাকী দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে আছে বহুপাক্ষিক, দ্বিপাক্ষিক ও সরবরাহকারী ঋণ। এগুলোর মধ্যে শুধু বহুপাক্ষিক ঋণ বেড়েছে এবং তা আগের প্রান্তিকের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।
তবে বেসরকারি পর্যায়ে মোট ঋণের ৬০ শতাংশই স্বল্পমেয়াদী ঋণ জুন শেষে যার স্থিতি ছিল ৮৭৩ কোটি ২৩ লাখ ডলার। আর সেপ্টেম্বর শেষে তা হয়েছে ৮৩৬ কোটি ৬৮ লাখ ডলার। ফলে আলোচ্য সময়কালে বেসরকারিখাতে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ কমে গেছে ৩৬ কোটি ৫৫ লাখ ডলার।