logo

বিয়ে বিচ্ছেদের খরচ বাড়বে

এফই অনলাইন ডেস্ক | Thursday, 9 June 2022


নতুন বাজেট পাস হলে স্ট্যাম্প আইন পরিবর্তনের কারণে বাড়বে বিয়ে বিচ্ছেদ নিবন্ধনের খরচ, ফলে এক্ষেত্রে গুণতে হবে বাড়তি টাকা।

বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্ট্যাম্প আইনের বিভিন্ন ধারায় পরিবর্তনের প্রস্তাব আনেন আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাব অনুযায়ী, ডিভোর্স স্ট্যাম্পের দাম আগের ৫০০ টাকা থেকে বেড়ে হবে ২ হাজার টাকা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হিসাব বলছে, ২০২১ সালে এই এলাকায় ডিভোর্সের আবেদন জমা পড়ে ৭ হাজার ২৪৫টি, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। ২০২০ সালে ছিল ৬ হাজার ৩৪৫টি।

অন্যদিকে, ঢাকা উত্তর সিটিতে ২০২০ সালে ডিভোর্সের আবেদন জমা পড়েছে ৬ হাজার ১৬৮টি। ২০২১ সালে তা কমে আসে ৪ হাজার ৬৭৪টিতে।

২০২০ সালে দুই সিটি করপোরেশনের মোট ১২ হাজার ৫১৩টি ডিভোর্সের আবেদন মধ্যে ৮ হাজার ৪৮১টি আবেদন করেছেন নারীরা। বাকি ৪ হাজার ৩২টি বিচ্ছেদ চেয়েছেন পুরুষ। সে হিসেবে নারীদের তরফে ডিভোর্স বেশি দেওয়া হয়েছে ৭০ শতাংশ।

২০২০ সালে ঢাকা উত্তর সিটির ৩৮৪ দম্পতি তালাকের আবেদন করলেও আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়েছেন বলে জানিয়েছেন সিটির কর্মকর্তারা।