বিমানের ফেলে রাখা চাকায়ও মিলল সোনার বার
Tuesday, 1 February 2022
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
এর আগে বিভিন্ন সময় বিমানযাত্রী বা বিমানে পরিত্যক্ত অবস্থায় সোনা পাওয়া গেলেও মঙ্গলবার তা মিলেছে ভিন্ন একটি স্থান থেকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে থাকা একটি চাকা থেকে এই ৪৬টি সোনার বার উদ্ধার হয় বলে জানানো হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা সোনার বারগুলো উদ্ধার করে।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরের জিএসই (গ্রাউন্ড সার্ভিস ই্ক্যুইপমেন্ট) এলাকায় পড়ে থাকা বিমানের চাকা থেকে এসব সোনার বার গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়।”
উদ্ধার করা বারের আনুমানিক ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম।