বিমানবন্দর এলাকায় এক রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা
Thursday, 6 January 2022
বিদেশগামী কর্মীদের পেটের পীড়ায় আক্রান্ত হওয়ার খবরে ঢাকার শাহজালাল বিমানবন্দর এলাকায় খাবারের দোকানে অভিযান চালিয়ে একটি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
বৃহস্পতিবার অভিযানে বিমানবন্দর সংলগ্ন ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’কে এই জরিমানা করা হয়েছে বলে জানান বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক।
তিনি বলেন, “দেশে খাবার খেয়ে বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন প্রবাসীরা- এমন খবরে বিএসটিআই কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত বিমানবন্দর এলাকায় অভিযান চালায়।”
বিমানবন্দরের চৌহদ্দির মধ্যে থাকা ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’টি পরিচালনা করে আমিন মোহাম্মদ গ্রুপ।
এই শিল্প গ্রুপের গণমাধ্যম বিভাগের প্রধান গাজী আহমেদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মোটা লবণ’ রাখার কারণে তাদের রেস্তোরাঁটিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
“এই লবণগুলো মূলত মাছ পরিষ্কারের জন্য আনা হয়েছিল। রেস্তোরাঁয় রান্নার জন্য আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা হয়। কিন্তু বিষয়টি তাদের (ভ্রাম্যমাণ আদালত) কেউ বুঝিয়ে বলতে না পারায় এই জরিমানা গুনতে হল।”
তিনি দাবি করেন, তারা পরিছন্নতার সব রকম নিয়ম মেনেই রেস্তোরাঁ পরিচালনা করেন।
কাতার ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাস থেকে সম্প্রতি ঢাকায় জানানো হয়, ডিসেম্বর মাসে বেশ কিছু যাত্রী ঢাকা থেকে যাওয়ার পরপরই পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে।
অসুস্থের সংখ্যা আমিরাতে ১২০ এবং কাতারে ৬০ জন বলে বুধবার জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রবাসীদের বিদেশ যাওয়া যেমন বেড়েছে, তেমনি মহামারীর মধ্যে কোভিড পরীক্ষা এবং রানওয়ের কাজের জন্য বিমানবন্দরে যাত্রীদের বেশি সময় থাকতে হচ্ছে।
আমিরাতগামী যাত্রীদের যাত্রার ন্যূনতম ছয় ঘণ্টা আগে কোভিড পরীক্ষার জন্য বিমানবন্দরে পৌঁছতে হচ্ছে। এসময় তারা বিমানবন্দরেই পানাহার করছেন। ফলে সেই খাবার থেকে সমস্যা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
বাংলাদেশের মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-বিএসটিআইর রিয়াজুল হক জানান, তারা বৃহস্পতিবার অভিযানের সময় ওই এলাকার অননুমোদিত পানি ও বিভিন্ন পানীয়ের নমুনা পরীক্ষার জন্য নিয়ে এসেছেন।
‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’টি বিমানবন্দর টার্মিনালের বাইরে হলেও এর জায়গাটি বিমানবন্দরেরই।
টার্মিনালের ভেতরে থাকা স্থায়ী দোকানের পাশাপাশি গাড়ি পার্কিংয়ের স্থানে সম্প্রতি গড়ে তোলা কোভিড নমুনা পরীক্ষাগারেও কিছু খাবারের দোকান করা হয়েছে।
তবে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ওই সব দোকানে তাদের তদারকি রয়েছে।
“আরটিপিসিআর ল্যাবের ভেতরে যে চারটি খাবারের দোকান রয়েছে, সেগুলোও আমাদের তদারকির মধ্যে আছে। আমি বলতে পারি, আমাদের এসব রেস্তোঁরায় কোনো পচা-বাসি খাবার খাওয়ানো হয় না।”