বিধি-নিষেধ শিথিলেও ঢাকা চিড়িয়াখানা এখনই খুলছে না
Thursday, 19 August 2021
কয়েকটি শর্তে পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো খোলা হলেও করোনাভাইরাসের সংক্রমণ থেকে খাঁচাবন্দি প্রাণীদের রক্ষায় আপাতত খুলছে না ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা।
খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর।
প্রাণীদের নিরাপত্তার দিকটি চিন্তা করে কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি আরও কিছুদিন পর্যবেক্ষণের পর চিড়িয়াখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. আব্দুল লতিফ।
করোনাভাইরাস মহামারীর কারণে গত এপ্রিল থেকে টানা বন্ধ রয়েছে মিরপুরের এই চিড়িয়াখানা। তবে ১৯ অগাস্ট থেকে স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সরকার।
তা জেনে বৃহস্পতিবার মিরপুর চিড়িয়াখানার সামনে বহু দর্শনার্থী এসেও দ্বার খোলা না পেয়ে ফিরে যান।
লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এই বিনোদন কেন্দ্র (চিড়িয়াখানা) অন্য ১০টি বিনোদন কেন্দ্র থেকে আলাদা। আমরা লাইভ অ্যানিমেল নিয়ে কাজ করি। প্রায় তিন হাজার প্রাণী এখানে রয়েছে। এদের বড় একটি অংশ কোভিড-১৯ সংবেদনশীল।
“এখন আমরা আরও কিছুদিন অবজার্ভেশন করবো, দেখবো কোভিড কোন দিকে মোড় নেয়। যদি পরিস্থিতি ভালোর দিকে যায় তাহলে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। আর যদি দেখি পরিস্থিতি আরও খারাপ হয়েছে, তখন আমরা অন্য চিন্তা করব।”
সঙ্গীহীন খাঁচাবন্দি জীবনে অস্থিরতা
দর্শনার্থীদের এসে ফিরে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন চিড়িয়াখানার পরিচালক লতিফ।
তিনি বলেন, “এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যখন চিড়িয়াখানা খোলার হবে তার আগে মানুষকে জানানো হবে। গণমাধ্যম ও অনলাইন প্রচার-প্রচারণা চালানো হবে। মানুষ যাতে এসে ফিরে গিয়ে কষ্ট না করেন, সেই জন্য অনুরোধ জানাচ্ছি।”