বিজয়ীদের হাতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ তুলে দেবেন রাদওয়ান মুজিব
এফই অনলাইন ডেস্ক | Monday, 20 December 2021
অপেক্ষার প্রহর শেষে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ উঠছে বিজয়ীদের হাতে; দেশ ও মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে, সোমবার অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দেশে তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে দুই বছর পরপর এ পুরস্কার দিয়ে আসছে। এবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এক বছর পরই দেওয়া হচ্ছে পঞ্চম আসরের পুরস্কার।
সোমবার বেলা ৩টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এবারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা বক্তব্য প্রচার করা হবে।
সিআরআই পক্ষ থেকে বলা হয়েছে, “দেশ গঠনে তরুণদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে প্রদান করা এই অ্যাওয়ার্ডের প্রাথমিক বাছাইয়ে উঠে আসা ৩১ সংগঠনের মধ্য থেকে ১৫ জনের হাতে উঠবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’।
“এবারের অনুষ্ঠানে পূর্বে ধারণকৃত বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও ধারণকৃত বক্তব্য প্রদান করবেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে ঘোষণা করা হবে বিজয়ী ১৫ সংগঠনের নাম, যাদের হাতে সরাসরি এই পুরস্কার তুলে দেবেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।”
গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়, যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় ৭০০টিরও বেশি সংগঠন দেশ গঠনে তাদের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আবেদন করে। বিগত মাস জুড়ে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয় তরুণদের ৩১ সংগঠনকে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতা-উত্তর বাংলাদেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে এবারই প্রথম দেওয়া হবে আজীবন সম্মাননা।
এবারের পুরস্কারের জন্য ১২ সদস্যের তারকাখচিত জুরি বোর্ডে রয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা
ট্রাস্টি মফিদুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, অভিনেত্রী জয়া আহসান, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, উদ্যোক্তা আছিয়া খালেদা নীলা ও জারা মাহবুব, পরিবেশ সংরক্ষণবাদী শাহরিয়ার সিজার রহমান, চলচ্চিত্রকার রেজওয়ান শাহরিয়ার সুমিত, টেলিভিশনের সংবাদ পাঠক তাসনুভা শিশির, উদ্যোক্তা স্বর্ণলতা রায় এবং সাংবাদিক পরিমল পালমা।
দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম। ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এ সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ।
এই প্ল্যাটফর্ম থেকে তরুণদের ক্ষমতায়ন ও দেশ গঠনে তাদের অবদান তুলে ধরার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তরুণদের কাজের স্বীকৃতির জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সাতই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করা হচ্ছে জয় বাংলা কনসার্ট।

রাদওয়ান মুজিব সিদ্দিক।
এছাড়া উদ্যোক্তা সৃষ্টি করতে প্রশিক্ষণ ও নানা ধরনের সহায়তা করছে ইয়াং বাংলা। রাদওয়ান মুজিব সিদ্দিক গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি হিসেবে প্রতিষ্ঠানটি দেখভাল করেন।
সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন তিনি।
লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্নেন্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক করা রাদওয়ান একই প্রতিষ্ঠান থেকে কমপ্যারেটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী গ্রাফিক্যাল উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘গ্রাফিক নভেল মুজিব’ প্রকাশের প্রধান কারিগর ও প্রকাশক রাদওয়ান ।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর শিশু-কিশোর ও তরুণদের কাছে তার ঘটনাবহুল জীবন নতুন রূপে তুলে ধরার জন্য বইটিকে গ্রাফিক নভেলে রূপ দেওয়ার উদ্যোগ নেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে গ্রাফিক নভেল হলেও বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।
একইসঙ্গে বঙ্গবন্ধুকে হত্যার পর তার দুই মেয়ে কীভাবে জীবনসংগ্রাম করেছেন সেসব ঘটনা নিয়ে ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটার টেইল’ নির্মাণের নেপথ্যে ছিলেন রাদওয়ান। এর মাধ্যমে রাজনৈতিক ইতিহাসের ঘটনাবলী সামনে আনার প্রকল্পগুলোর পৃষ্ঠপোষকতা করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান।
সিআরআই থেকে প্রকাশিত নীতি-নির্ধারণী ম্যাগাজিন হোয়াইটবোর্ডের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে আল জাজিরা টেলিভিশনে সম্প্রচারিত খ্যাতিমান ব্রিটিশ ব্রডকাস্টার ডেভিড ফ্রস্টের বিখ্যাত অনুষ্ঠান ‘ফ্রস্ট ওভার দ্য ওয়ার্ল্ড’-এ সাক্ষাৎকার প্রচারিত হয় রাদওয়ান মুজিব সিদ্দিকের।