logo

বিজ্ঞানীদের সতর্কবার্তার মধ্যেও সুইডেনে মহামারীর শেষ ঘোষণা

এফই অনলাইন ডেস্ক | Friday, 11 February 2022


কোভিড মোকাবেলা নিয়ে বিজ্ঞানীদের সতর্কবার্তা এবং আরও ধৈর্য ধারণের পরামর্শের পরও মহামারীর শেষ ঘোষণা করেছে সুইডেন।

কোভিড সংক্রমণ ঠেকাতে দেশটিতে যে সামান্য বিধিনিষেধ আরোপ করা ছিল, বুধবার থেকে তাও তুলে নেওয়া হয়েছে।

এমনকি দেশটির সরকার কোভিড-১৯ পরীক্ষার বাধ্যবাধকতাও তুলে নিয়েছে। যদিও মহামারীর কারণে এখনও দেশটির স্বাস্থ্য ব্যবস্থা বড় ধরনের চাপে আছে।

করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই সুইডেন সরকার কঠোর লকডাউনের বিপক্ষে ছিল। সেখানে ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষায় নিয়মগুলো পালন করা বা না করা দেশবাসীর ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সেখানে খুবই সামান্য কিছু বিধি আরোপ করা হয়েছিল। গত সপ্তাহে দেওয়া এক ঘোষণায় সেগুলোও তুলে নেওয়ার কথা বলা হয়। কার্যত যার অর্থ মহামারীর সমাপ্তি ঘোষণা করা।

সুইডেনের একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লেনা হালেনগ্রিয়ান বলেন, ‘‘আমরা এই মহামারী সম্পর্কে যতদূর জানি, আমি বলতে চাই এটা শেষ হয়েছে।

“যদিও এটা এখনো শেষ হয়নি, কিন্তু আমরা যতদূর জানি, এটা এখন দ্রুত পরিবর্তন হচ্ছে এবং সীমাবদ্ধতাও আছে।”তিনি আরও বলেন, কোভিডকে আর সমাজের জন্য বিপজ্জনক বলে বিবেচনা করা হবে না।

বুধবার থেকে সুইডেনে বার এবং রেস্তোরাঁগুলো মহামারী শুরু হওয়ার আগের মতো রাত ১১টার পরও খোলা রাখা যাবে। অতিথিদের সংখ্যায়ও কোনও সীমাবদ্ধতা থাকছে না।

ঘরের মধ্যে কোনও অনুষ্ঠানে উপস্থিতির উপর আরোপ করা সীমা এবং টিকাপাস দেখানোর নিয়মও তুলে নেয়া হয়েছে।

‘আমাদের আরেকটু ধৈর্য ধরা উচিত’

সব বিধিনিষেধ তুলে নিলেও সুইডেনের হাসাপাতালগুলো এখনও কোভিড রোগীতে ভর্তি। সেখানে এখনও কোভিড আক্রান্ত ২২শ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

২০২১ সালের বসন্তে ইউরোপজুড়ে মহামারীর তৃতীয় ঢেউ চলার সময়ও সুইডেনে প্রায় এই সংখ্যায় কোভিড আক্রান্ত মানুষ হাসপাতালে ভর্তি ছিলেন।

সুইডেনে এ মাসের শুরু থেকেই বিনামূল্যে কোভিড পরীক্ষার সংখ্যা হ্রাস করা শুরু হয়। বুধবার থেকে যেটি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। দেশটিতে বর্তমানে কত মানুষ করোনাভাইরাসে আক্রান্ত তার কোনো সঠিক পরিসংখ্যান কারও হাতে নেই।

সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির ভাইরোলজির অধ্যাপক ফ্রেডরিক এলগহ বলেন, ‘‘আমাদের উচিত ছিল আরেকটু ধৈর্য্য ধরা, অন্তত আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করা। তাছাড়া, কোভিড পরীক্ষা চালিয়ে যাওয়ার মত যথেষ্ট সম্পদ আমাদের আছে।

“এখনো সমাজের উপর এ রোগের বিশাল চাপ রয়েছে।”সুইডেন সরকারের নো-লকডাউন নীতির বড় সমালোচকদের একজন অধ্যাপক এলগহ।

সুইডেনের স্বাস্থ্য বিভাগ থেকে এ সপ্তাহে বলা হয়, বৃহৎ আকারে কোভিড পরীক্ষা চালিয়ে গেলে লাভের তুলনায় খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, এ বছরের প্রথম পাঁচ সপ্তাহে সুইডেন সরকার কোভিড পরীক্ষার জন্য প্রতি সপ্তাহে প্রায় ৫০ কোটি সুইডিস ক্রাউন (সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলার) খরচ করেছে। আর মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত দেশটি কোভিড পরীক্ষার পেছনে দুই হাজার চারশ কোটি ক্রাউন খরচ করেছে।

সুইডেনে বুধবারও সরকারি হিসাবে ১১৪ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে।