বিএসইসি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার, ঘরে চিরকুট
এফই অনলাইন ডেস্ক | Monday, 30 May 2022
পান্থপথের একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সহকারী পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিএসইসির ওই কর্মকর্তার নাম মেহেদী হাসান, তিনি অবিবাহিত; তার বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়। ঢাকায় পান্থপথের ওই ফ্ল্যাটের একটি কক্ষে তিনি ভাড়া থাকতেন।
রোববার সন্ধ্যায় সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান।
তিনি বলেন, ওই ঘরে একটি চিরকুটও পাওয়া গেছে। সেখানে লেখা ছিল- 'নিদ্রাহীনতায় বাঁচতে পারলাম না'।
“মেহেদী দরজা না খোলায় তার পাশের রুমের লোকজন পুলিশে খবর দেয়। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আমরা তাকে ভেতরে ঝুলন্ত অবস্থায় পাই।”
ময়নাতদন্তের জন্য মেহেদীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার ব্যাপারে আরও খোঁজখবর চলছে জানিয়ে ওসি বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”