বিএসআরএম স্টিল মিলে ‘লুটপাট’
এফই অনলাইন ডেস্ক | Sunday, 20 February 2022
চট্টগ্রামের লোহা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম স্টিল মিলে মালামাল লুটের অভিযোগ উঠেছে।
মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আনসার সদস্য আহত হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের অভিযোগ।
আহত আনসার সদস্যরা হলেন- মফিজুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৪২) ও রামধন চন্দ্র দাস (৪৩)। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, ১৮ ফেব্রুয়ারি রাতে এক দল লোক ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে কারখানায় প্রবেশ করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদেস্যদের মারধরের পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
“দুর্বৃত্তরা বিএসআরএম’র ঠিকাদারি প্রতিষ্ঠান সিজদা মোটর্সে প্রবেশ করে অন্তত পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।”
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলাও করেছে কারখানা কর্তৃপক্ষ।
জোরারগঞ্জ থানার ওসি মো. নূর হোসেন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০/৩০ জনের একটি গ্রুপ মালামাল চুরির সময় আনসারদের সাথে মারামারির ঘটনা ঘটেছে। সেখান থেকে কিছু পাইপ চুরি হয়েছে।”
কারখানা কর্তৃপক্ষের অভিযোগের বিষয়টি তদন্ত করে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, চুরির ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত। এ চক্রটি আগেও কয়েক দফা হামলা করেছিল। পাশাপাশি ট্রাক থেকে নিয়মিত কারখানার লোহার স্ক্র্যাপ চুরি, চাঁদা দাবির মতোও ঘটনা ঘটছে।