logo

বান্দরবানে পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু, মা নিখোঁজ

এফই ডেস্ক  | Thursday, 16 September 2021


বান্দরবানে ভারি বৃষ্টিতে পাহাড় ধসে মাটিচাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তাদের মা।

বান্দরবান ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নাজমুল আলম জানান, বুধবার সন্ধ্যায় ছাইংঙ্গ্যা ত্রিপুরাপাড়ায় পাহাড় ধসে তিনজন নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বোনের মরদেহ ও সাঙ্গু নদীর মোহনা থেকে তার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হল ওই এলাকার কৃষ্ণাতি ত্রিপুরার মেয়ে বাজেরুং ত্রিপুরা (১৩) ও ছেলে প্রদীপ ত্রিপুরা ()। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বান্দরবান-চিম্বুক সড়কের পাশের এ পাড়াটি জেলা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল আলম বলেন, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল পাঠানো হয়। কিন্তু বৃষ্টি ও রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম চালাতে বেগ পেতে হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নেন। নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরাকে (৪২) উদ্ধারের চেষ্টা চলছে।

ছাইংঙ্গ্যা ত্রিপুরা পাড়ার প্রধান বীরেন্দ্র ত্রিপুরা বলেন, কৃষ্ণাতি ত্রিপুরার স্বামী কয়েক বছর আগে মারা যান। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে জুমক্ষেত করে সংসার চালাচ্ছিলেন তিনি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে জুমক্ষেত থেকে ফিরে ঝিরিতে গোসল করতে যান এই মা ও তার দুই সন্তান। এ সময় ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে তারা স্রোতে ভেসে যান বলে ধারণা করা হচ্ছে।