logo

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

Thursday, 9 June 2022


আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘উন্নয়নমুখী, শিক্ষাবান্ধব, কর্মসংস্থান-সৃজন উপযোগী ও অন্তর্ভুক্তিমূলক’ হিসেবে বর্ণনা করে একে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ উপলক্ষ্যে এদিন বিকালে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মধুর ক্যান্টিন থেকে একটি আনন্দ মিছিল করা হয়।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, “কোভিড-১৯ মহামারীর প্রতিকূলতা কাটিয়ে দেশে সবচেয়ে বড় বাজেটের রেকর্ড সৃষ্টি হয়েছে। বাজেটে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাত ও কর্মসংস্থান সৃষ্টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।”

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “গোটা পৃথিবীতে দ্রব্যমূল্য যখন বেড়ে গেছে, তখন আমাদের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষক-শ্রমিক, প্রান্তিক মানুষের আয় ক্ষমতার মধ্যে এ বাজেটের রূপকল্প তৈরি করা হয়েছে। এজন্য বর্তমান সরকারের এ বাজেটকে আমরা শিক্ষার বাজেট, তরুণ প্রজন্মের বাজেট, কর্মসংস্থানের বাজেট অন্তর্ভুক্তিমূলক বাজেট, কৃষক-শ্রমিক ও মেহনতী মানুষের বাজেট বলে মনে করি।”

শিক্ষাখাতে বাজেট বাড়ানোর প্রশংসা করে সাদ্দাম হোসেন বলেন, “বাজেটে আগের বছরের চেয়ে ৯ হাজার কোটি টাকা বাড়িয়ে ৮১ হাজার কোটি টাকার শিক্ষা বাজেট বাস্তবায়ন করার রূপকল্প প্রদান করা হয়েছে। এটি প্রমাণ করে দেয়, সরকার এই বাজেট এমনভাবে প্রণয়ন করেছে যাতে আমাদের কর্মসংস্থান সুনিশ্চিত করা সম্ভব হয়।”

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাজহারুল ইসলাম শামীম, সাইফ বাবু, যুগ্মসাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক শেখ ইনানসহ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।