ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, “কলেরা এবং টাইফয়েডের বিরুদ্ধে লড়াইয়ে টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ড. ফেরদৌসী। এই পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি বিজ্ঞান পেশায় তার নিষ্ঠার স্বীকৃতি দিচ্ছে।”
১৯৮৮ সালে আইসিডিডিআর, বিতে যোগ দেওয়া ড. ফেরদৌসী কাদরী এখন এ সংস্থার ইমিউনোলজি বিভাগের নেতৃত্ব দিচ্ছেন। কলেরা থেকে মানুষকে বাঁচাতে সাশ্রয়ী মূল্যে মুখে খাওয়ার টিকা নিয়ে যারা কাজ করেছেন, ড. ফেরদৌসী তাদের একজন।
উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এর আগে ২০২০ সালে তিনি পেয়েছিলেন ল’রিয়েল-ইউনেসকো ফর ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড।