বাংলা একাডেমির নতুন মহাপরিচালক কবি নূরুল হুদা
Monday, 12 July 2021
তিন বছরের জন্য তাকে এই দয়িত্ব দেওয়া হয়েছে বলে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
কবি নূরুল হুদা ছিলেন বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমের সাহিত্য পাতা আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। বাংলা একাডেমিতে তিনি কবি হাবীবুল্লাহ সিরাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব সামলে আসা কবি হাবীবুল্লাহ সিরাজী গত ২৪ জুন মারা যান। এরপর বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
জাতিসত্তার কবি হিসাবে পরিচিত মুহম্মদ নূরুল হুদার কবিতার পাশাপাশি কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ, লোকসংস্কৃতি, নন্দনতত্ত্ব ও অনুবাদ সাহিত্যেও বিচরণ রয়েছে।
বাংলা একাডেমির সাবেক এ পরিচালকের কবিতা ইংরেজিসহ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।
৭১ বছর বয়সী হুদা বাংলা একাডেমির একজন ফেলোও; পাশাপাশি আমেরিকান ফোকলোর সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ফোক ন্যারেটিভ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ কপিরাইট অফিসসহ নানা আন্তর্জাতিক সংস্থার সদস্য তিনি।