বনশ্রীতে অটোরিকশায় বাসের ধাক্কা, চালকসহ নিহত ২
Sunday, 19 December 2021
রাজধানীর বনশ্রীতে বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ দুজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- স্বপন (৩৫) ও ফাতেমা আক্তার পান্না (৪০)। পরের জন অটোরিকশার যাত্রী।
ফাতেমা কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের বাসিন্দা। তার স্বামী শাহ আলম দুবাইপ্রবাসী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার সকালে মেরাদিয়া বাজারের কাছে বনশ্রী মেইন রোডের এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হনে বলে পুলিশ জানিয়েছে।
খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অছিম পরিবহনের বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে যাত্রীরা গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক প্রথমে ফাতেমাকে ও পরে চালক স্বপনকে মৃত ঘোষণা করেন। ফাতেমার দুই ছেলে সাকিব (১৫) ও শাকিল (১২) সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর বাসটি ফেলে রেখে চালক পালিয়েছে বলে তিনি জানান।
নিহত ফাতেমার স্বজনদের বরাত দিয়ে ওসি ফারুকুল বলেন, দুই ছেলেকে নিয়ে ফাতেমা সানারপাড় থেকে রোববার সকালে অটোরিকশা করে দক্ষিণখানে যাচ্ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।