প্রথমবার টুইটার কর্মীদের ‘মুখোমুখী’ হচ্ছেন ইলন মাস্ক
Tuesday, 14 June 2022
প্রথমবারের মতো সরাসরি টুইটার কর্মীদের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছেন ইলন মাস্ক। সপ্তাহ শেষে সকল কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে মাস্ক হাজির থাকবেন বলে নিশ্চিত করেছেন প্ল্যাটিফর্মটির এক মুখপাত্র। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
এপ্রিল মাসে চার হাজার চারশ কোটি ডলারে টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর এই প্রথমবারের মতো টুইটার কর্মীদের মুখোমুখী হতে যাচ্ছেন প্ল্যাটফর্মটির নতুন ‘মালিক’।
কোম্পানির সকল কর্মীর কাছে টুইটার প্রধান পারাগ আগরাওয়ালের পাঠানো এক ইমেইলের বরাত দিয়ে কর্মীদের বৈঠকে মাস্কের উপস্থিতির খবর সোমবারেই জানিয়েছে রয়টার্স ।
বার্তাসংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ওই বৈঠক। আর ইলন মাস্ক ওই বৈঠকে সরাসরি টুইটার কর্মীদের প্রশ্নের উত্তর দেবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
গেল সপ্তাহেই টুইটার বলেছিল, মালিকানা হাতবদল নিয়ে অগাস্ট মাসে শেয়ারমালিকদের ভোটের প্রত্যাশা করছে তারা।
মাস্ক টুইটার কর্মীদের বৈঠকে যোগ দিচ্ছেন বলে সর্বপ্রথম খবর প্রকাশ করেছিল বাণিজ্য প্রকাশনা বিজনেস ইনসাইডার। পরবর্তীতে খবরের সত্যতা নিশ্চিত করেন এক টুইটার মুখপাত্র।
মাস্ক টুইটার কেনার প্রস্তাবে দেওয়ার পর থেকেই প্রতিষ্ঠান ও নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির কর্মীরা। তাদের আশঙ্কা, বিশ্বের শীর্ষ ধনীর ক্ষ্যাপাটে আচরণে ক্ষতিগ্রস্ত হবে টুইটারের আর্থিক অবস্থা এবং ব্যবসা কাঠামো।
অন্যদিকে, গত সপ্তাহেই ক্রয় প্রস্তাব বাতিল করার হুমকি দিয়েছেন ইলন মাস্ক। টুইটারের নিয়মিত ব্যবহারকারীদের মথ্যে স্প্যাম ও বট অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে একমত নয় মাস্ক ও টুইটার কর্তৃপক্ষ।
স্প্যাম ও বট অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে সঠিক তথ্য না দিলে চুক্তি থেকে সড়ে দাঁড়ানোর হুমকিও দিয়েছেন মাস্ক।