logo

পোড়া লাশগুলোর জায়গা হচ্ছে না ঢাকা মেডিকেলের মর্গে

এফই ডেস্ক | Saturday, 10 July 2021


নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় আগুনে পোড়া মরদেহগুলোর সংকুলান হচ্ছে না ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

কয়েকটি লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে নেওয়া হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। 

শুক্রবার মধ্যরাতে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সব মৃতদেহের ময়না তদন্ত হয়েছে।

“এখন মৃতদেহগুলো সরানোর জন্য বলা হয়েছে। কারণ মর্গে পর্যাপ্ত জায়গা না থাকায় এতোগুলো মৃতদেহ রাখলে অন্য কাজ ব্যহত হবে বলা হচ্ছে।”

পুলিশের এই কর্মকর্তা বলেন, এগুলোর মধ্যে ১৫টি শনিবার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্থানান্তর করা হবে। ৮টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের লাশ ঘরে রাখা হবে।

“বাকিগুলো আপাতত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই থাকবে।”

তবে এসব মৃতদেহ কতদিন এভাবে রাখা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করে হুমায়ুন বলেন, স্বজনদের বুঝিয়ে দেওয়া ছাড়া মৃতদেহগুলো নিয়ে আর কোনো কাজ নেই। কিন্তু ডিএনএ পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত বুঝিয়ে দেওয়ার সুযোগ নেই।

“এ ব্যাপারে কি করা যায় সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত নিতে হবে।”

তবে দাফন করার সময় কবরে নম্বর দেওয়া হলে পরে ডিএনএ ফলাফল পাওয়ার পর স্বজনরা সেই নম্বর অনুযায়ী মৃত স্বজনের কবর বেছে নিতে পারবে বলে তিনি জানান।