logo

পেলোসির সফরের পর তাইওয়ানে সাইবার হামলা, আকাশে ‘ড্রোন’

এফই অনলাইন ডেস্ক | Thursday, 4 August 2022


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরদিন হ্যাকাররা তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে আর দ্বীপটির প্রত্যন্ত অঞ্চলের ওপর দিয়ে কয়েকটি ড্রোন উড়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার রাজধানী তাইপে থেকে কর্তৃপক্ষ এসব কথা জানিয়েছে। পেলোসির সফর চীনকে অত্যন্ত ক্ষিপ্ত করে তোলায় এসব ঘটছে বলে মনে করা হচ্ছে।

পেলোসির সফরের জবাবে চীন বৃহস্পতিবার থেকে তাইওয়ানের আশপাশে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এসব মহড়ার কয়েকটি দ্বীপের ১২ নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশ সীমার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে এমন কিছু কখনোই ঘটেনি বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। সম্ভাব্য এ পদক্ষেপকে ‘সামগ্রিকভাবে তাইওয়ানের সমুদ্র ও আকাশ অবরোধ’ বলে বর্ণনা করেছেন তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবিকারী চীন বৃহস্পতিবার বলেছে, স্বশাসিত দ্বীপটির সঙ্গে তাদের পার্থক্য একটি অভ্যন্তরীণ বিষয়।