logo

পেরুতে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

Wednesday, 1 September 2021


পেরুতে মঙ্গলবার এক বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং আরো ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পাহাড়ি খাড়া  রাস্তা থেকে বাসটি ছিটকে নিচে পড়ে গেলে এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। বিগত চার দিনের মধ্যে এটি হচ্ছে দেশটির তৃতীয় বড় ধরনের সড়ক দুর্ঘটনা। কর্মকর্তারা একথা জানান। বার্তা সংস্থা এএফপি'র বরাত দিয়ে বাসস এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কারাতারা সেন্ট্রাল সড়কের সরু অংশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কমান্ডার কেসার কার্ভান্তেস বলেন, ‘ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় ৩২ জন প্রাণ হারিয়েছেন।’

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ছয় বছরের এক ছেলে ও তিন বছর বয়সের এক কন্যা শিশু রয়েছে।

বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন।

টুইটার বার্তায় পুলিশ বিভাগ জানায়, সম্ভাব্য জীবিত এবং মৃতদের উদ্ধারে  অনুসন্ধান ও অভিযান চালানো হচ্ছে।