পিকআপ-ইজিবাইক সংঘর্ষে বাগেরহাটে নিহত ৬
Friday, 23 July 2021
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পিকআপের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের ছয় যাত্রীর প্রাণ গেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান জানান।
ব্যাটারিচালিত ইজিবাইকটি যাত্রী নিয়ে নোয়াপাড়া থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। আর পিকআপটি গোপালগঞ্জ থেকে যাচ্ছিল খুলনার দিকে। বৈলতলী এলাকায় দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ওই ইজিবাইকে চালকসহ মোট সাতজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ছয়জন ঘটনাস্থলেই মারা যান।
আরেকজনকে আহত অবস্থায় প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে হতাহত সবার নাম জানা না গেলেও পুলিশ বলছে, তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়। তাদের বেশিরভাগই পেশায় শ্রমিক ছিলেন।