logo

পারমাণবিক হুমকিতে শিগগিরই রাশিয়াকে ছাড়াবে চীন: যুক্তরাষ্ট্র

Saturday, 28 August 2021


যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমাণবিক হুমকি হিসেবে শিগগিরই রাশিয়াকে ছাড়িয়ে যাবে চীন, বলেছেন এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা।

চীনের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির মধ্য দিয়েই এ পরিবর্তনটি ঘটবে বলে শুক্রবার এক অনলাইন ফোরামে মন্তব্য করেছেন তিনি, বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

দেশ দুটির মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানোরও কোনো ব্যবস্থা নেই বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের ডেপুটি কমান্ডার, বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল টমাস বাসিয়ার।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের এ তত্ত্বাবধায়ক জানান, পারমাণবিক সক্ষমতার উন্নয়নের কারণে চীন নূন্যতম পারমাণবিক প্রতিরোধ বজায় রাখতে চায়, তাদের প্রকাশ্য এ দাবি ‘আর বেশি দিন খাপ খাবে না’।

“এটি একটি ক্রসওভার পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে চীনের উপস্থিত হুমকির সংখ্যা বর্তমানে রাশিয়ার দিক থেকে যে হুমকিগুলো বিরাজ করছে তাকে ছাড়িয়ে যাবে,” বলেছেন তিনি।

তিনি জানান, এই পরিবর্তন শুধু বেইজিংয়ের মজুদ করা পারমাণবিক ওয়ারহেডের সংখ্যার ভিত্তিতেই হবে না, সেগুলোর মোতায়েনের ওপরও নির্ভর করবে।

“আগামী অল্প কয়েক বছরের মধ্যেই একটি ক্রসওভার পয়েন্ট আসবে বলে আমাদের বিশ্বাস,” বলেছেন বাসিয়ার।

তিনি জানান, রাশিয়ার মতো চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ভুল ধারণা বা বিভ্রান্তির’ মতো ইস্যুগুলো দূর করার কোনো চুক্তি বা সংলাপ প্রক্রিয়া নেই।

চীনের বাড়তে থাকা অর্থনৈতিক ও সামরিক শক্তির মোকাবেলায় যুক্তরাষ্ট্র যখন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার বৈদেশিক নীতি ঢেলে সাজানোর ওপর জোর দিচ্ছে তখনই বাসিয়ার এসব মন্তব্য করলেন।

অগাস্টের প্রথমদিকে মিত্র ও এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে চীনের ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

স্যাটেলাইট ছবির ওপর ভিত্তি করে করা থিঙ্ক-ট্যাঙ্কগুলো প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাখার জন্য চীন শত শত নতুন ভূগর্ভস্থ চেম্বার নির্মাণ করছে বলে মনে হচ্ছে। বেইজিং পারমাণবিক অস্ত্র আলোচনারও বিরোধিতা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।

এর জবাবে চীন বলেছে, তাদের অস্ত্রভাণ্ডার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় বামন কিন্তু তারপরও তারা সংলাপে বসতে পারে যদি ওয়াশিংটন তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার হ্রাস করে চীনের সমপর্যায়ে নিয়ে আসে।

গত বছর বাকি বিশ্বের মোট সংখ্যার চেয়েও চীন বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা পরীক্ষা করেছে বলে বাসিয়ার জানিয়েছেন।