পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেইনীয় বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার
এফই অনলাইন ডেস্ক | Sunday, 17 April 2022
পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রের চালান নিয়ে ইউক্রেইনে নামার আগেই একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করছে রাশিয়া। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বন্দরনগরী ওডেসার কাছে ইউক্রেইনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে বলে শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভকে উদ্ধৃত করে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
মস্কোর এ দাবি সত্য কিনা, তা যাচাই করতে পারেনি বিবিসি।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তাও পরিষ্কার হওয়া যায়নি।
শনিবার জেনারেল কনাশেনকভ ইউক্রেইনের সামরিক বাহিনী ও এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছেন।
রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট লজোভায়া ও ভেসেলায়ার ওপর দুটি ড্রোনও ভূপাতিত করেছে, বলেছেন তিনি।