logo

পর্যটনের নতুন সম্ভাবনা নেত্রকোণার হাওরাঞ্চল

নেত্রকোণা থেকে শফিকুল ইসলাম | Saturday, 22 May 2021


হাওর-বাওর ও সমতলভূমির বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির একটি বিস্তীর্ণ জনপদ নেত্রকোণা । এজন্য একে বলা হয় ‘ভাটির দেশ’। জেলার সর্বত্র যেন সবুজ শ্যামলিমায় আচ্ছন্ন। বর্ষাকালে  নেত্রকোনার  বিস্তীর্ণ নিন্মাঞ্চলে হাওরের সৃষ্টি হয়। এসময় হাওরের সৌন্দর্য অপরূপ রূপ ধারণ করে। ফলে, মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে বিকশিত হচ্ছে নতুন পর্যটনশিল্প। শুধু ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্যই নয়, মোহনগঞ্জের হাওর এলাকার বৈচিত্র্যময় সংস্কৃতিও দেশি-বিদেশি পর্যটকদের হাতছানি দেয়। কিন্তু এতদিন পর্যন্ত এখানে ছিল না কোনো অবকাঠামোগত সুবিধা। বিপুল সম্ভাবনা থাকায় অবশেষে হাওরপাড়ে নির্মিত হচ্ছে ‘আদর্শনগর পর্যটনকেন্দ্র’। এর মাধ্যমে হাওরপাড়ের প্রবেশদ্বারে পর্যটনের নতুন দুয়ার খুলতে শুরু করেছে। ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এ হাওরপাড়ের মানুষের স্বপ্নের এই প্রকল্প। ইতোমধ্যে প্রকল্পের সামগ্রিক কাজের অগ্রগতি হয়েছে ৪০ শতাংশ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও বর্তমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান সাজ্জাদুল হাসান হাওরে পর্যটনশিল্পের সহায়ক পরিকাঠামো গড়ে তুলতে ‘আদর্শনগর পর্যটনকেন্দ্র’ এর উদ্যোগ নেন। বাংলাদেশ বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রকল্পটি যৌথভাবে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করছে। ২০১৯ সালের জুলাই মাসে শুরু হওয়া প্রকল্পটি চলতি বছরের জুনের মধ্যে শেষ হবার কথা রয়েছে। এ প্রকল্পে ৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ হলেও মোট প্রাক্কলিত ব্যয় (চুক্তিমূল্য) হচ্ছে ৮ কোটি ৬০ লাখ টাকা।

এ পর্যটনকেন্দ্র নির্মাণে তিন একর জায়গায় ইতোমধ্যেই মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। ডিঙ্গাপোতা হাওর শুধু সৌন্দর্য নয়, জীববৈচিত্র্যেরও অভয়াশ্রম। বর্ষায় হাওরের অথৈ জলরাশির রুপালি ঢেউয়ের অপূর্ব নৈসর্গিক দৃশ্য ও সৌন্দর্য উপভোগ করেন ঘুরতে আসা পর্যটকেরা।

মোহনগঞ্জ এলজিইডির প্রকৌশলী আলমগীর হোসেন জানান, পর্যটনকেন্দ্রে হোটেল হবে। অফিসরুমে স্টাফসহ পর্যটকরা দোতলায় থাকতে পারবেন। পাশাপাশি কটেজ থাকবে। একটি বড় ভবন হবে। লাউঞ্জ ঘর, ফুড কর্নার থাকবে। শিশুদের জন্য গেমিং সুবিধা থাকবে। মোট কথা, পর্যটকদের জন্য আধুনিক সব ধরণের সুযোগ-সুবিধা থাকবে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান জানান, ‘ডিঙ্গাপোতা হাওরের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে পরিকল্পিতভাবে দ্রুত পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এখানকার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অনেকটাই বদলে যাবে।’

shafikul2002@gmail.com