logo

পরীমনির মামলার তদন্ত কর্মকর্তাকে হাই কোর্টে তলব

Thursday, 2 September 2021


পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফাকে আগামী ১৫ সেপ্টেম্বর মামলার নথিসহ (কেস ডকেট) আদালতে হাজির হতে বলা হয়েছে।

পরীমনিকে তিন দফা রিমান্ডে নেওয়ার বিষয়ে তার অবস্থান সেদিন হাই কোর্টের সামনে তাকে জানাতে হবে।

এছাড়া ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ ও আতিকুল ইসলাম কী কী তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফার রিমান্ড মঞ্জুর করেছেন, আগামী ১০ দিনের মধ্যে তার ব্যাখ্যা দিতে বলেছে হাই কোর্ট।

আদালত আদেশে বলেছে, তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হলে এ দুই হাকিমকে তলব করা হতে পারে।

জামিন সংক্রান্ত রুল ও রিমান্ডের বৈধতা প্রশ্নে স্বতঃপ্রণোদিত রুল জারির এক আবেদনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।