logo

পরওয়ারসহ জামায়াতের নয়জন রিমান্ডে

Tuesday, 7 September 2021


ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সেক্রটারি জেনারেলসহ নয়জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

ভাটারা থানার ওই মামলায় পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি করে ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার চার দিনের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সোমবার সন্ধ্যার পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ওই নয়জনকে গ্রেপ্তার করে।

নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন তাদের মধ্যে।

তাদের গ্রেপ্তারের পর ঢাকার পুলিশ কমিশনার মোহা.শফিকুল ইসলাম সোমবার বলেছিলেন, “গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে যেসব আলামত পাওয়া গেছে, সেগুলো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

পরে ওই নয়জনের বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।