পদ্মায় চলন্ত ফেরিতে অগ্নিকাণ্ড
এফই অনলাইন ডেস্ক | Saturday, 11 June 2022
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিরকান্দিগামী একটি ফেরিতে অগ্নিকাণ্ড হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, শনিবার ভোর পৌনে ৫টায় ফেরিটি শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। এর পনের মিনিট পর ফেরির ক্যান্টিনের পাশে একট কেবিনের উপরের সিটে আগুন লাগে।
এ সময় ফেরির পাম্প কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ওই কেবিনটির বিছানা, সিলিং, দরজা এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।
শফিকুল বলেন, “ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। দরজা খুলতেই আগুন বাইরে চলে আসে। পরে ফেরিটি শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন ও যাত্রীদের নিরাপদে নামিয়ে দেওয়া হয়।
“ফেরিটিতে ৩৫ -৪০ যান এবং বেশ কিছু যাত্রী ছিল। সেটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে আসার প্রস্তুতি নিচ্ছে।”
আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে বলে ঘাটের এই কর্মকর্তা জানান।