logo

পত্রিকা পড়ার অভ্যাস গড়তে ‘নিউজপেপার অলিম্পিয়াড’

অর্থী নবনীতা | Wednesday, 6 April 2022


সাম্প্রতিক সময়ে, যেকোন তথ্যের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমের উপরই বেশি নির্ভরশীল হয়ে পড়েছে তরুণরা, পত্রিকা পাঠে তেমন একটা মনোযোগী যেন নয়। কিন্তু পত্রিকা পাঠের যে গুরুত্ব, তাকে পুনরায় পাকাপোক্ত করার উদ্যোগ নিয়ে লাব্বী আহসান শুরু করেন নিউজপেপার অলিম্পিয়াড। 

লাব্বী আহসান

পুরো নাম আহসানুল মাহবুব লাব্বী, বর্তমানে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। স্কুল থেকেই তিনি বিভিন্ন অলিম্পিয়াডসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং জিতেছেন অনেক পুরষ্কার। তিনি লক্ষ্য করে দেখলেন, দেশে নানা বিষয়ে অলিম্পিয়াড প্রতিযোগিতা চালু থাকলেও পত্রিকা বিষয়ক কোনো অলিম্পিয়াড নেই। তাই ২০১৮ সালে তিনি কলেজে প্রথম বর্ষে শুরু করেন নিউজপেপার অলিম্পিয়াড।

নিউজপেপার অলিম্পিয়াডের যাত্রা কিভাবে শুরু হলো জানতে চাইলে লাব্বী বলেন, “২০১৮ সালের অক্টোবর মাসে নিউজপেপার অলিম্পিয়াড শুরু করি। আমার মনে হয়েছিল পত্রিকা নিয়ে কিছু একটা করা দরকার৷ শুরুতে কুইজ প্রতিযোগিতার মতো কিছু একটা করব বলে ভেবেছিলাম। কিন্তু পরে এর পরিসর আরো বড় করে এর নাম দিলাম নিউজপেপার অলিম্পিয়াড।” 

শুরুটা হয়েছিল সেই সূদুর রংপুরে বসে। লাব্বী একটা ফর্ম প্রিন্ট করেন ২০ টাকা দিয়ে। এরপর এর ১০০টি ফটোকপি করে তার পরিচিতদের দেন রেজিষ্ট্রেশন করার জন্য।

ফেসবুকে একটি পোস্টের মাধ্যম টিমের সদস্য বানানো শুরু করেন। যেহেতু আগে থেকেই বিভিন্ন অলিম্পিয়াডে কাজ করার অভিজ্ঞতা আছে, তাই অলিম্পিয়াড কমিউনিটির সাথে বা যারা অলিম্পিয়াড এ কাজ করে এমন অনেকের সাথেই পরিচয় ছিল তার; তারাই যুক্ত হয় নিউজপেপার অলিম্পিয়াডের সাথে। সেই যে যুক্ত হওয়া, গত ৩ বছরে এই যাত্রায় যুক্ত হয়েছে ৩ হাজারেরও বেশি সদস্য।

নিউজপেপার অলিম্পিয়াডের যাত্রা এত সুখকর ছিল না। পথে পথে এসেছে অনেক বাধা। বাধা আর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে বর্তমানে নিউজপেপার অলিম্পিয়াডের রয়েছে এনএনও লার্নিং হাব, মিডিয়া প্রোব এবং এনএনও নিউজ নামে তিনটি আলাদা উদ্যোগ।

লাব্বী এ বিষয়ে বলেন, “নিউজপেপার অলিম্পিয়াড যখন শুরু করি, তখন অনেক চ্যালেঞ্জ এর সম্মুখীন হই আমরা। দেখা গেল অনেকেই পত্রিকা পড়তে চায় না, সাংবাদিকতার গুরুত্ব বুঝতে চায় না। এই চিন্তা থেকেই আসে আমাদের ভেঞ্চার, এনএনও লার্নিং হাব। লার্নিং হাবে আমরা মিডিয়া বিষয়ক বিভিন্ন সেশন ও ট্রেনিং করাই। বর্তমান ১৮,০০০ এরও বেশি তরূণ যুক্ত আছে এনএনও লার্নিং হাবের সাথে।”

“এছাড়াও এনএনও বাংলাদেশের ইভেন্ট ডেডিকেটেড প্রথম নিউজ পোর্টাল। এখানে সকল ইভেন্ট এর খোঁজ খবর জানানো হয়। আমাদের মিডিয়া প্রোব দেশের প্রথম গবেষণা ভিত্তিক মিডিয়া কনসালট্যান্সি ফার্ম।” 

নিউজপেপার অলিম্পিয়াড এখনো পর্যন্ত দুটি সিজন শেষ করেছে। প্রথম সিজনে দেশের ৩৯ জেলার প্রায় ১৭ হাজার প্রতিযোগী অংশ নেয়। আর ২য় সিজনে প্রায় ত্রিশ হাজার প্রতিযোগী অংশ নেয়। 

পত্রিকা পাঠচর্চায় অবদান রাখার জন্য লাব্বী গত বছর অশোক ইয়াং চেঞ্জ মেকার পুরস্কারে ভূষিত হন। নিউজপেপার অলিম্পিয়াডের পাশাপাশি লাব্বী টেন মিনিটস স্কুল, ডিজিটাল শিক্ষকসহ নানা সহ-শিক্ষাক্রম কাজের সাথে যুক্ত।

জাতীয় ও আন্তজার্তিক নানা প্রতিযোগিতা নিয়ে রয়েছে তার লেখা বই 'জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা', সেই সাথে স্কুল-কলেজ জীবনে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা বিষয়ক তার বই 'স্টুডেন্ট উইথ এক্সিলেন্সি’ আর অনুবাদ গ্রন্থ 'স্মার্ট থিংকিং'।

তার মতে যেকোন কাজ শুরু করার জন্য ছাত্রজীবনই সঠিক সময়। শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা বিষয়ে তিনি বলেন, “বর্তমান সময়ে প্রতিযোগিতা যেহেতু বেশি, তাই যত সুযোগ পাওয়া যায়, কাজে লাগাতে হবে। নিজেকে প্রমাণ করতে না পারলে এগোনো সহজ হবে না।”

“আমি মনে করি, যেকোন উদ্যোগ নিতে চাইলে শিক্ষার্থী অবস্থায় নেয়াই ভালো। এটি বাস্তবায়ন করতে অনেক সময় পাওয়া যাবে। তাই আমার পরামর্শ থাকবে, যদি প্রবল ইচ্ছাশক্তি থাকে, তাহলে নিজ উদ্যোগ যত জলদি পারা যায় শুরু করে দেয়া উচিত। তবে এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে নিজেকে ঝালাই করে নেয়া ভালো,” যোগ করেন তিনি। 

নিউজপেপার অলিম্পিয়াড, মিডিয়া প্রোব, এনএনও লার্নিং হাব, এনএনও নিউজকে এগিয়ে নিতে দিনরাত কাজ করে যাচ্ছেন লাব্বী, সাথে তার নিউজপেপার অলিম্পিয়াড। 

aurthynobonita@gmail.com