logo

নৌকার প্রার্থী হলেন ডা. প্রাণ গোপাল

এফই ডেস্ক | Saturday, 11 September 2021


আলী আশরাফের মৃত্যুতে শূন্য কুমিল্লা-৭ সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করল চিকিৎসক প্রাণ গোপাল দত্তকে।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তিনি বলেন, শনিবার আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ফলে আগামী ৭ অক্টোবর অনুষ্ঠেয় এই উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হলেন প্রাণ গোপাল।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করেছেন। চিকিৎসা সেবায় অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন ২০১২ সালে।

৬৮ বছর বয়সী নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ প্রাণ গোপাল কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চান্দিনার এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন প্রাণ গোপাল।

তবে সেবার আওয়ামী লীগ দলের পুরনো নেতা আলী আশরাফকেই বেছে নেয় প্রার্থী হিসেবে। সাবেক ডেপুটি স্পিকার আশরাফ ওই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।