logo

নেত্রকোনার হাওরে বোরো ধান কাটা প্রায় শেষ

নেত্রকোণা থেকে শফিকুল ইসলাম | Thursday, 22 April 2021


নেত্রকোণায় অতিবৃষ্টি ও পাহাড়ীঢলে অকাল বন্যার কবল থেকে কৃষকরা রক্ষা পেলেও  দু’দফায় হিট শক ও শিলা বৃষ্টির ক্ষয়ক্ষতির পরও কষ্টার্জিত ফলনের ন্যায্য দামে কৃষকের সন্তুষ্টি। নেত্রকোণার তিন উপজেলায় হাওরে বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। মাঠ জুড়ে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসির ঝিলিক দেখা দিয়েছে। ইতিমধ্যোই প্রায় ৮৫/৯০ ভাগ  ধান কাটা হয়েছে,সপ্তাহ খানেকের মধ্যে শতভাগ ধান কাটা সম্পন্ন হবে।

বৃহস্পতিবার নেত্রকোণা জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওরাঞ্চল ঘুরে দেখা গেছে,হাওরাঞ্চলে কৃষকদের সারা বছরের একমাত্র ফসল হচ্ছে বোরো ধান। আগাম বন্যা কিংবা শিলাবৃষ্টিতে তাদের হাড়ভাঙ্গা কষ্টে ফলানো সোনার ফসল যাতে আর কোন ধরণের ক্ষয়-ক্ষতি না হয়, তার জন্য কৃষাণ কৃষাণীরা পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। সর্বত্র ধান কাটা, মাড়াই ও ধান সিদ্ধ করে তা শুকাতে ব্যস্ত সময় পার করছেন তারা।কোথাও কৃষি শ্রমিক,কোথাও আবার সরকারের ভর্তুকি দেয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। ধান কাটা ও মাড়াই নিয়ে গোলায় তোলা হাওরাঞ্চলে কৃষকদের মাঝে এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে।

 
গত কয়েক দিন আগে গরম ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে হাওরাঞ্চলে বোরো ধানের আংশিক ক্ষতি হওয়ার পরও বেশিরভাগ হাওরে ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুশি। কৃষকরা মাঠে ধান বিক্রি করছেন প্রতি মন ৮৩০ থেকে ৮৫০ টাকা।ধান কাটার শুরুতেই ছিলো প্রকার ভেদে মন প্রতি ৯২০ থেকে ৯৫০ টাকা। 

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বোরো মওসুমে নেত্রকোণা জেলায় ১ লক্ষ ৮৪ হাজার ৯ শত ৮৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে শতভাগ  হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলায় ২০ হাজার ১ শত হেক্টর, মদন উপজেলায় ১৭ হাজার ৩ শত ৪০ হেক্টর, মোহনগঞ্জ উপজেলায় ১৭ হাজার ৪৩ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭ লক্ষ ৬৪ হাজার ৪ শত ৯৩ মেট্রিক টন।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম,এল সৈকত জানান,জেলার হাওর এলাকায় ফসলরক্ষা বাধেঁর নির্মাণ কাজ অনেক আগেই সম্পূর্ণ হয়েছে।এরই মধ্যে অতিবৃষ্টি কিংবা আগাম বন্যা শুরু হলেও হাওর এলাকার ফসলের আর কোন ক্ষয়ক্ষতি হবে না।

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান জানান, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সময়মতো সঠিক পরামর্শ দেওয়ায় এবং হিট শক ও শিলাবৃষ্টির পরও শেষ দিকে আবহাওয়া অনুকূলে থাকায় হাওরাঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সম্প্রতি গরম ঝড়ো হাওয়ায় হাওরাঞ্চলে ৭ হাজার ৪ শত ৪৪ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে আর শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে  প্রায় সাড়ে ৪ হাজার হেক্টও জমির ফলন তারপরও আশা করছি,এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদিত হবে।

জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় নেত্রকোণার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী হাওরাঞ্চলে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের মাঠ পর্যায়ে সার্বিক তত্ত্বাবধানে ফসলি জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টার ও কৃষি শ্রমিকদের মাধ্যমে দ্রুত গতিতে সম্পন্ন হওয়ার পথে ধান কাটা। আশা করছি, হাওরাঞ্চলের কৃষকরা নির্বিঘ্নে তাদের পরিশ্রমের ফসল ভালভাবেই ঘরে তুলতে পারছেন। বর্তমানে হাওরঞ্চলের বোরো ধান কাটা প্রায় শেষ পর্যায়ে।