নির্বাচন কমিশন গঠনের আগেই অনাস্থা জানিয়ে রাখলেন মির্জা ফখরুল
Tuesday, 22 February 2022
নতুন নির্বাচন কমিশন গঠনের আগেই অনাস্থা জানিয়ে রাখলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ কমিটির চূড়ান্ত কাজ চলার মধ্যে মঙ্গলবার তিনি বলেছেন, “এই সার্চ কমিটি যাদের দিয়ে করেছে, সব তাদের (সরকারের) লোক। “আজকে (মঙ্গলবার) আবার নাকি সেটার নামগুলো পাঠাবে প্রেসিডেন্টের কাছে। যাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। দেখা যাবে যে, সেই হুদার (কে এম নুরুল হুদা) মতোই লোক হবে।”
বিদায়ী সিইসি কে এম নূরুল হুদাকে নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। তাকে ‘সরকারের আজ্ঞাবহ’, ‘দলকানা’সহ নানা অভিধা দিয়েছিল তারা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সেই কমিশনের মেয়াদ শেষ হওয়ায় নতুন আইন অনুযায়ী ইসি গঠনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন। ছয় সদস্যের সেই কমিটির মঙ্গলবার ১০ জনের নামের সুপারিশ চূড়ান্ত করার কথা রয়েছে। সেই তালিকা থেকে অনধিক পাঁচজনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপ্রধান।
মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সর্বশেষ বৈঠকের আগ মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে কৃষক দলের এক প্রতিবাদ সভায় তা নিয়ে কথা বলেন ফখরুল।
তিনি বলেন, “আবার নির্বাচিত হবার জন্যে এখন তারা (সরকার) তাদের মতো করে নির্বাচন কমিশন গঠন করবে। এই কমিশন গঠন করার জন্য একটা সার্চ কমিটি গঠন করেছে, আইনও তৈরি করেছে। সবগুলো হচ্ছে জনগণকে বোকা বানানোর জন্য।”
বিদায়ী সিইসির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে তছনছ করে দিয়েছে, কিচ্ছু নাই এটার মধ্যে। তার ট্রায়াল করতে হবে, তার বিচার করতে হবে। তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আজকে যারা মানুষের ওপর অত্যাচার করছে, নির্যাতন করছ- যেমন কালকে (সোমবার) সুনামগঞ্জে একজন গ্রেপ্তার করে নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত দিন ধরে আন্দোলন করল।
“বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বৃদ্ধি করছে বার বার। কারণ একটাই শুধু চুরির জন্য। সরকারকে জবাব দিতে হবে কেন চালের দাম বাড়ল? যে চাল আমাদের সরকারের আমলে ছিল সর্বোচ্চ ১৭/১৮ টাকা সেটা এখন আপনার ৬০/৭০ টাকা বিক্রি হচ্ছে মোটা চাল। কেন সয়াবিন তেলের দাম বাড়ছে? যেটা আমাদের সময় ছিল ৫৪ টাকা সেটা এখন ১৮০ টাকা।”
দুর্নীতির কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
“কারণটা কী? চুরি, দুর্নীতি। প্রতিক্ষেত্রে দুর্নীতি। এই যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গে একেবারে রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রের সমস্ত অংশগুলোকে এরা জড়িয়ে ফেলেছে। কোনো ফাঁক নেই, যেই খাতে দুর্নীতি নেই।”
প্রেস ক্লাবে ‘ফসলের মাঠে কৃষকের আত্মহত্যা : ফ্যাসিবাদী শাসনের খণ্ডচিত্র’ শীর্ষক প্রতিবাদ সভা করে কৃষক দল।
ফখরুল বলেন, “আমি বিশ্বাস করি, কাউকে দরকার হবে না। এক কৃষককে যদি সংগঠিত করা যায়, তাহলেই আমরা এই দুঃশাসনের অবসান ঘটাতে পারব।
“আজকে কৃষির কিছু মৌলিক পরিবর্তন করা দরকার। আমাদের কৃষকদলকে সেই ভুমিকা পালন করতে হবে, যাতে তারা দলের ওপরে চাপ সৃষ্টি করতে পারেন যে তার দল কৃষকবান্ধব পলিসি দিতে বাধ্য হয়।”
কৃষক দলের ওই সভায় সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহসভাপতি গৌতম চক্রবর্তী, নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, এসএম ফয়সাল, আনম খলিলুর রহমান, ওমর ফারুক শাফিন, সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী, যুগ্ম সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী, মাহবুদা হাবিবা, ইশতিয়াক আহমেদ নাসির ও দফতর সম্পাদক শফিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।