logo

নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ: ১২ জানুয়ারি বিএনপির জন্য সময় রেখেছে বঙ্গভবন

Wednesday, 5 January 2022


নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য আগামী ১২ জানুয়ারি বিএনপির জন্য সময় রেখেছে বঙ্গভবন; যদিও বিএনপি এই সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত এরই মধ্যে জানিয়েছে।

গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ২৭টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার নতুন যে কয়টি দলের সঙ্গে সংলাপসূচি চূড়ান্ত হওয়ার কথা বঙ্গভবনের প্রেস উইং জানায়, তাতে বিএনপির নাম রয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিএনপির সঙ্গে সংলাপের সূচি নির্ধারিত হয়েছে ১২ জানুয়ারি বিকাল ৪টায়।

গত দুই বারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।

বিএনপি আগের দুই বার গেলেও এবার রাষ্ট্রপতির এই উদ্যোগে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তারা বলছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবির বিষয়টি অমীমাংসিত রেখে ইসি গঠনের সংলাপ ‘অর্থহীন’। 

এবার বিএনপি ছাড়া আরও তিনটি দল রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দেয়নি।

সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে নিয়োগে আইন প্রণয়ন না হওয়ায় বিকল্প হিসেবে সার্চ কমিটি গঠন করে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। সেই ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন হবে।