নিজ কার্যালয়ে খাদ্য কর্মকর্তার লাশ, মিলল চিরকুট
এফই অনলাইন ডেস্ক | Sunday, 15 May 2022
মাদারীপুর সদর উপজেলায় নিজ কার্যালয় থেকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৯টায় উপজেলার নয়াচর এলাকার চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নিহত মোহাম্মদ কামরুল ইসলাম চরমুগরিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাসিপাড়া গ্রামের নুরুল ইসলাম খালাসির ছেলে।
সকালে কার্যালয়ের ভেতরে বাথরুমের সামনে কামরুলকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন কর্মচারীরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় বলে অতিরিক্ত পুলিশ সুপার চাউলাই মারমা জানান।
কামরুল মার্চ মাসের শুরুতে চরমুগরিয়ায় যোগ দিয়েছিলেন জানিয়ে ওসি বলেন, তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে নিজের শারীরিক অসুস্থতার কথা লিখেছেন এবং বলেছেন, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।