নাসির-তামিমার বিয়ের ‘বৈধতা পায়নি’ পিবিআই
এফই ডেস্ক | Thursday, 30 September 2021
ক্রিকেটার নাসির হোসেন এবং বিমানবালা তামিমা সুলতানা তাম্মির বিয়ের ‘বৈধতা পায়নি’ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশের এই তদন্ত সংস্থা বলছে, আগের স্বামী রাকিব হাসানের সঙ্গে ‘যথাযথভাবে বিচ্ছেদ’ হওয়ার আগেই তামিমা ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন। সংবাদ সম্মেলন করে তালাকের বিষয়ে তারা যা বলেছেন, তার ‘সত্যতা মেলেনি’। ডিভোর্সের যে কাগজপত্র দেখানো হয়েছে, সেগুলো তৈরি করা হয়েছে ‘জালিয়াতির মাধ্যমে’।
রাকিব হাসানের দায়ের করা মামলায় নাসির ও তামিমার পাশাপাশি নাসিরের মা সুমি আক্তারকে আসামি করে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
সেখানে বিচ্ছেদ না করেই নতুন বিয়ে করার অভিযোগ আনা হয়েছে তামিমার বিরুদ্ধে। আর নাসিরের বিরুদ্ধে আনা হয়েছে ‘অন্যের স্ত্রীকে প্রলুব্ধ’ করে নিয়ে যাওয়া, ‘ব্যাভিচার’ এবং তামিমার আগের স্বামীর মানহানি ঘটানোর অভিযোগ।
আর সব ‘জেনেও’ বিয়েতে সহায়তা করায় নাসিরের মাকেও অভিযোগপত্রে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু ইউসুফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তালাক যথাযথভাবে হয়নি জেনেও নাসির বিয়ে করেছেন তামিমাকে। তাদের বিয়ের বৈধতা পাওয়া যায়নি। ডাক বিভাগ, স্থানীয় ইউনিয়ন পরিষদে তালাকের নোটিস পাঠানোর যে দাবি তারা করেছেন, তা সঠিক নয়।"
রাকিব হাসানের আইনজীবী ইশরাত হাসান বলেন, ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে বৃহস্পতিবার পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
“আমরা তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছি। বিচারক এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।”
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে ঢাকার হাকিম আদালতে এ মামলা দায়ের করেন মো. রাকিব হাসান। তার বক্তব্য শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আর্জিতে তামিমার বয়স ২৯ এবং রাকিবের বয়স ৩২ বছর লেখা হয়েছিল। আর ক্রিকেটার নাসিরের বয়স দেখানো হয় ৩০ বছর।
রাকিব সেখানে বলেন, তামিমার সঙ্গে তার বিয়ে হয় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে।
তামিমা পেশায় একজন কেবিন ক্রু, একটি বিদেশি এয়ারলাইন্সে তিনি কাজ করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে গতবছর মার্চে সৌদি আরবে গিয়ে তিনি লকডাউনে আটকা পড়েন। তবে ফোন ও সোশাল মিডিয়ার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ ছিল বলে রাকিবের ভাষ্য।
তিনি বলছেন, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখান থেকেই বিষয়টি তিনি জানতে পারেন।
মামলায় রাকিব অভিযোগ করেন, তার সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না ঘটিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা।
পরদিন ঢাকার বনানীতে সংবাদ সম্মেলন করে নাসির ও তামিমা ওই অভিযোগ অস্বীকার করেন।
তামিমা সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিন, “উনি (রাকিব) যতগুলো কথা বলেছেন, এরমধ্যে দুইটা জিনিস ছাড়া (আমাদের বিয়ে হয়েছিল ও আমাদের একটা বাচ্চা রয়েছে) বাকি সব কথা মিথ্যা। এর প্রত্যেকটি প্রমাণ আমাদের রয়েছে।”
রাকিবকে ‘তালাক দিয়েই’ নাসিরের সঙ্গে ঘর বেঁধেছেন দাবি করে তামিমা বলেছিলেন, “উই আর ক্রিস্টাল ক্লিয়ার। উই আর নট গিল্টি। উই আর ইনোসেন্ট। আমি কোনো ভুল করিনি। হেনস্তা করার জন্য রাকিব এসব করেছে।”
আর নাসির সেই সংবাদ সম্মেলনে বলেছিলেন, “বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল। ডিভোর্স হয়েছে। পেপার দেখে আমরা বিয়ে করেছি। আমরা যা করেছি, লিগ্যাল ওয়েতে করেছি, ইলিগ্যাল কিছু করিনি। আমরা যাই করেছি, সেটা আইনগতভাবে ও ইসলামী শরীয়ত মেনে করেছি। সবাইকে জানিয়ে বিয়ে করেছি।”
আইনিভাবেই বিষয়টি মোকাবেলা করবেন জানিয়ে এই ক্রিকেটার সেদিন বলেছিলেন, “রাকিব সাহেব যেভাবে কথাবার্তা বলছেন …। সে তো আগে তামিমা ছিল; এখন আমার ওয়াইফ। ওকে বলা মানে আমাকে বলা। রাকিব সাহেব কেন, অন্য যে কোনো মানুষই হোক, আমার ওয়াইফকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধে অ্যাকশন নেব এবং তা আইনগতভাবেই।”
এ মামলায় দণ্ডবিধির ৪৯৪ ও ৪৯৭ ধারায় যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের করাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।
Editor : Shamsul Huq Zahid
Published by Syed Manzur Elahi for International Publications Limited from Tropicana Tower (4th floor), 45, Topkhana Road, GPO Box : 2526 Dhaka- 1000 and printed by him from City Publishing House Ltd., 1 RK Mission Road, Dhaka-1000.
Telephone : PABX : 9553550 (Hunting), 9513814, 7172017 and 7172012 Fax : 880-2-9567049
Email : editor@thefinancialexpress.com.bd, fexpress68@gmail.com