logo

নারী পাচার: ভারতফেরত কিশোরীর মামলার পর গ্রেপ্তার ৩

এফই ডেস্ক | Wednesday, 2 June 2021


ভারতে পাচার হয়ে নির্যাতনের শিকার এক কিশোরীর মামলার পর নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ থেকে বুধবার সকালে এক বার্তা পাঠিয়ে এ তথ্য দেওয়া হয়।

তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুলিশের বার্তায় বলা হয়, ভারতে পাচার হওয়া এক কিশোরী তিনমাস নির্যাতনের ও বন্দিদশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় মামলা করার পর ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

“এই তিন জনের একজন একহাজার নারী পাচার করেছে।”

ভারতের বেঙ্গালুরুতে সম্প্রতি বাংলাদেশের এক তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। শারীরিক নির্যাতনের সময় ২২ বছরের ওই তরুণীকে দল বেঁধে ধর্ষণও করা হয় বলে এনডিটিভি জানায়।

ওই ঘটনায় ভারতের বেঙ্গালুরু পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে টিকটক হৃদয় বাবুসহ দুজন পালানোর সময় গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ। তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।

মানবপাচারের এই চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চারজনকে সম্প্রতি ঝিনাইদহ সদর, যশোরের অভয়নগর ও বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।