নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
এফই অনলাইন ডেস্ক | Monday, 21 February 2022
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তাদের মধ্যে ৪০ বছর বয়সী আলম হোসেনের শরীরের ৮০ শতাংশ এবং ৫০ বছর বয়সী জজ মিয়ার শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তারা মারা যান বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁসির পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
রোববার দুপুরে আলীগঞ্জের বেপারীবাড়ি এলাকায় বিস্ফোরণের ওই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি আছেন।
তারা হলেন- সাথী (২০), আসমা (৪০), হাসিনা (৩৮), হাফসা (৬) ও তাহমিনা (১৫)।
অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, আলীগঞ্জের বেপারীবাড়ি এলাকার জজ মিয়ার বাড়ির সামনে আব্দুল বাতেন নামের এক ট্রাক চালক তার গাড়ির সিলিন্ডার মেরামত করছিলেন। ওই সিলিন্ডার থেকে গ্যাস বের করা হচ্ছিল।
“সেখানে হঠাৎ করে কেউ একজন সিগারেটের আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আব্দুল বাতেনসহ সেখানে উপস্থিত ও আশপাশের ১০ জন দগ্ধ হন।”
আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দগ্ধদের মধ্যে সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়। সেখানেই দুজনের মৃত্যু হল।
পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অন্য পাঁচ জনের মধ্যে আসমা বেগমের শরীরের ৪১ শতাংশ ও হাসিনা বেগমের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।