নারায়ণগঞ্জে মা ও ছেলেকে গলা কেটে হত্যা
এফই অনলাইন ডেস্ক | Sunday, 3 July 2022
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঘরের ভেতর থেকে এক বিধবা নারী এবং তার ছেলের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার গোপিনদি এলাকা থেকে তাদের লাশ উদ্ধারের কথা জানান আড়াইহাজার থানার ওসি আজিজুল হক।
নিহতরা হলেন- রাজিয়া সুলতানা কাকলী (৪২) এবং তার আট বছরের ছেলে তালহা ইসলাম। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে ছিল রাজিয়ার সংসার।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, রাতে মা ও ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। সকালে প্রতিবেশীরা তাদের বাড়ির গেইট খোলা এবং ভেতর থেকে লাগানো তালা ভাঙা দেখতে পান।
ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা ওই বাড়িতে ঢোকেন এবং রাজিয়ার ঘরের মেঝেতে তার লাশ এবং পাশেই খাটের ওপর ছেলের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আজিজুল বলেন, “ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”