logo

নাঈমের মৃত্যু: নগর ভবনে শিক্ষার্থীরা

এফই অনলাইন ডেস্ক | Thursday, 25 November 2021


বৃহস্পতিবার সকাল থেকে মতিঝিল ও গুলিস্তান এলাকা অবরোধ করে রাখা নটরডেম কলেজের কয়েকশ ছাত্র বেলা ২টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্টের সামনে থেকে নগরভবনের দিকে রওনা হয়।

নগরভবনের ফটকে পৌঁছে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় সিটি করপোরেশন থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিকে ডাকা হয় কথা বলার জন্য। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নগর ভবনের মূল ফটক বন্ধ থাকলেও এক পর্যায়ে শিক্ষার্থীরা তা খুলে ভেতরে ঢুকে পড়ে।

নটর ডেম কলেজের একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীর যথাযথ শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।”

নটর ডেম কলেজ ছাড়াও ঢাকা সিটি কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে গুলিস্তানের বিক্ষোভে অংশ নিচ্ছেন বলে আন্দোলনকারীদের একজন জানান।

একই দাবিতে রাজধানীর ফার্মগেট, শান্তিনগর ও উত্তরা এলাকাতেও শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ-অবরোধের কারণে যানজটে অনেকটাই থমকে গেছে ঢাকা।