logo

নতুন মহাপরিচালক নিয়োগ চূড়ান্ত করতে ডব্লিউটি-র বৈঠক সোমবার

এফই অনলাইন প্রতিবেদন | Sunday, 14 February 2021


বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন মহাপরিচালক নিয়োগ চূড়ান্ত করতে সংস্থাটির সাধারণ পরিষদ (জেনারেল কাউন্সিল) আগামীকাল সোমবার এক বিশেষ বৈঠকে মিলিত হবে। করোনা ভাইরাসের জন্য এটি হবে অনলাইন বৈঠক।

এই বৈঠকে নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী ড. নগোজি ওকোনজো-আইওয়েলাকে আনুষ্ঠানিকভাবে চার বছরের জন্য ডব্লিউটিও-র মহাপরিচালক পদে নিয়োগ দেবে। সংস্থাটির ২৫ বছরের ইতিহাসে তিনি প্রথম নারী ও আফ্রিকান মহাপরিচালক হচ্ছেন।

মেয়াদপূর্ণ হওযার এক বছর আগেই ২০২০ সালের ৩১ আগস্ট ডব্লিউটিও-র আগের মহাপরিচাল রবার্তো আজেভেদো পদত্যাগ করেন। এরপর থেকে পদটি শূন্য ছিল। নতুন মহাপরিচালক বাছাইয়ের বিভিন্ন ধাপ সম্পন্ন করার মাধ্যমে ৫ ফেব্রুয়ারি আরেক প্রার্থী দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইউ মিয়াং-হি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ফলে আইওয়েলার এই পদে অভিষেক নিশ্চিত হয়ে যায়।

অবশ্য মারকিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডব্লিউটিও-কে অকেজো করে দিতে যেসব পদক্ষেপ নিয়েছিলেন, তার মধ্যে ছিল নতুন মহাপরিচালক নিয়োগ আটকে দেওয়া।

নভেম্বর মাসেই সংস্থার সংখ্যা গরিষ্ঠ সদস্যের কাছে আইওয়েলার গ্রহণযোগ্যতা পরিস্কার হয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্র নিয়োগ প্রক্রিয়ায় সম্মতি না দেওয়ায় অগ্রসর হওয়া যাচ্ছিল না। ডব্লিউটিও-র যে কোনো সদস্য কোনো বিষয়ে আপত্তি তুললে বা বাধা দিলে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখতে হয়।

তবে জো বাইডেন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মহাপরিচালক নিয়োগে সম্মতি দেওয়া হয় এবং নগোজি ওকোনজো-আইওয়েলাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানানো হয়। ফলে তাঁর নিয়োগে আর কোনো বাধা রইল না।