নতুন ট্রেজারি বিল কমেছে, বেড়েছে বন্ডের প্রাথমিক ইস্যু
এফই অনলাইন প্রতিবেদন | Monday, 15 February 2021
আর্থিক বাজার থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ইস্যু করা ট্রেজারি বিলের পরিমাণ গত বছর কিছুটা কমেছে, তবে বেড়েছে ট্রেজারি বন্ডের পরিমাণ।
এটি অবশ্য ২০২০ সালের ১১ মাসের বা জানুয়ারি-নভেম্বর সময়কালের হিসেব। এই সময়কালে সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এক লাখ ১২ হাজার কোটি টাকার ট্রেজারি বিল বাজারে ছেড়েছে। এর মধ্যে রয়েছে ৯১-দিন, ১৮২-দিন ও ৩৬৪-দিন মেয়াদি ট্রেজারি বিল।
২০১৯ সালের একই সময়ে বাজারে নতুন এক লাখ ৩০ হাজার ৭০০ কোটি টাকার ট্রেজারি বিল বাজারে ছাড়া হয়েছিল।
তার মানে, ২০২০ সালের ১১ মাসে ট্রেজারি বিল বাজারে ছাড়ার পরিমাণ কমেছে প্রায় সাড়ে ১৪ শতাংশ।
অন্যদিকে গত বছর জানুয়ারি-নভেম্বর সময়কালে সরকার নতুনভাবে ৭৯ হাজার ৭০০ কোটি টাকার ট্রেজারি বন্ড বাজারে ছেড়েছে যেখানে তার আগের বছর একই সময়ে ছাড়া হয়েছে ৪৬ হাজার ৯৭৬ কোটি টাকার বন্ড। এগুলোর মধ্যে আছে দুই, পাঁচ, ১০, ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড।
সবমিলিয়ে ২০২০ সালের ১১ মাসে সরকার মোট এক লাখ ৯১ হাজার ৭০০ কোটি টাকার ট্রেজারি বিল ও বন্ড বাজারে ছেড়েছে। ২০২০ সালের ডিসেম্বর মাসে ট্রেজারি বিল ও বন্ডের প্রাথমিক ইস্যুর কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক এখনো প্রকাশ করেনি।
২০১৯ সালের একই সময়ে বাজারে ছাড়া হয়েছিল এক লাখ ৭৭ হাজার ৬৬৭ কোটি টাকার বিল ও বন্ড। আর সারা বছরে দুই লাখ তিন হাজার ৬৬৭ কোটি টাকার ট্রেজারি বিল ও বন্ড ছাড়া হয়েছিল।
asjadulk@gmail.com