দুর্ঘটনার জন্য দায়ী ‘ফারহান-৬’ নামের এই লঞ্চটির মালিক বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। লঞ্চটি ঢাকা-বেতুয়া রুটে চলাচল করে। দুর্ঘটনার পর কেরাণীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে লঞ্চটি আটক এবং তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসান (৪০), ইনচার্জ ড্রাইভার জসিম উদ্দিন ভুইয়া (৪০) ও সুকানি মো. জসিম মোল্লা (৩০)।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় লঞ্চের মাস্টারসহ তিনজনকে আসামি করে বিআইডব্লিউটিএ উপ-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ) বাবু লাল বৈদ্য ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
এদিকে এ ঘটনা তদন্ত করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌসকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
আগামী দশ কার্য দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মোস্তাইন।