ধনী দেশগুলোতে মজুত থাকা ২৪ কোটি টিকা নষ্ট হওয়ার ঝুঁকিতে
Thursday, 23 September 2021
কোভিডের টিকা আবিষ্কার হবার পর থেকেই বিশ্বের ধনী দেশগুলো নিজেদের জন্য বিপুল পরিমাণ টিকা কিনে মজুত করে রেখেছিল - যার পরিমাণ তাদের প্রয়োজনের চেয়ে অনেকগুণ বেশি।
আশংকা করা হচ্ছে, ধনী দেশগুলোর হাতে থাকা টিকার এক বিরাট অংশই হয়তো মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ফেলে দিতে হবে, খবর বিবিসি বাংলার।
এয়ারফিনিটি নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, এটা সারা বিশ্বের সরবরাহ সমস্যা নয়। ধনী দেশগুলো তাদের হাতে অতিরিক্ত টিকা মজুত করে রাখছে। টিকা উৎপাদদনকারীরা এখন প্রতিমাসে দেড়শ কোটি ডোজ টিকা উৎপাদন করছে, এবং এ বছরের শেষ নাগাদ ১১০০ কোটি টিকা উৎপাদিত হবে।
এয়ারফিনিটির গবেষক ড. ম্যাট লিনলি বলছেন, "তারা বিপুল পরিমাণ টিকা উৎপাদন করছে এবং গত তিন-চার মাসে উৎপাদন ব্যাপক বৃদ্ধি পেয়েছে।"
এর ফলে সবচেয়ে ধনী দেশগুলোর হাতে ১২০ কোটি ডোজ টিকা থাকবে যা - বুস্টার টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও - তাদের আসলে দরকার হবে না।
ড. লিনলি বলছেন, এই টিকার প্রায় এক পঞ্চমাংশ - ২৪ কোটি ১০ লাখ টিকা - এখন ফেলে দেবার ঝুঁকির মুখে পড়েছে - যদি না তাদের অতি শীঘ্র অন্য দেশগুলোকে দান করা হয়।
এমন সম্ভাবনা আছে যে দরিদ্র দেশগুলো এসব টিকা গ্রহণ করবে না- যদি না এগুলোর মেয়াদোত্তীর্ণ হবার আগে অন্তত দুই মাস সময় থাকে।
ড. লিনলি বলছেন, "ধনী দেশগুলো লোভের কারণে এত টিকা কিনে রেখেছিল এটা আমি মনে করি না, আসলে কোন টিকায় কাজ হবে তা তখন তারা জানতো না, ফলে তারা কয়েক রকম টিকা কিনতে বাধ্য হয়েছিল।"
তবে এয়ারফিনিটি বলছে, এখন টিকা উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি যেরকম - তাতে অতিরিক্ত টিকার মজুত করে রাখার কোন দারকার নেই। বরং তারা সেই অতিরিক্ত টিকা অন্য দেশকে দান করে দিতে পারে।