জাতীয় অ্যাথলেটিক্সের পর বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসেও ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছে দুই চেনা মুখ মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শনিবার পুরুষ বিভাগের ১০০ মিটারে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল। নৌবাহিনীর আব্দুল রউফ (১০ দশমিক ৬০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম (১০ দশমিক ৭০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
গত বছর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হওয়া জাতীয় অ্যাথলেটিক্সে ইসমাইল ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। সেই টাইমিং ছাপিয়ে যেতে না পারার কারণ হিসেবে করোনাকালীন সময়ে অনুশীলনের ঘাটতির কথাই বললেন তিনি।
“করোনার কারণে নিয়মিত অনুশীলন করতে পারি না। মাঝেমাঝে মাঠে আসতে পারি; মাঝেমাঝে পারি না। রুটিন কাজ থাকে। করোনা মহামারী শেষ হলে আশা করি আপনারা আমার ভালো একটা টাইমিং দেখতে পাবেন। এখন স্বর্ণপদক পেয়েছি, এটাই শুকরিয়া।”
মেয়েদের বিভাগে ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন। এই ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন (১১ দশমিক ৭০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার (১২ দশমিক ১০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।
সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সের চেয়ে টাইমিং ভালো হয়েছে তার; চট্টগ্রামের ঘাসের ট্র্যাকে ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।