ত্বকে জ্বালাভাব হওয়ার সম্ভাব্য কারণ
এফই অনলাইন ডেস্ক | Tuesday, 8 February 2022
যে কোনো পণ্য ব্যবহারে ত্বকে র্যাশ, জ্বলুনি বা গরম অনুভব হতে পারে।
আর তৈলাক্ত বা শুষ্ক ত্বকের চাইতে এই সমস্যা বেশি দেখা দেয় সংবেদনশীল ত্বকে।
সংবেদনশীল ত্বকের জ্বলুনি হওয়ার কারণ ও সমাধান সম্পর্কে জানানো হল ‘বি বিউটিফুল ডট ইন’য়ে প্রকাশিত প্রতিবেদন থেকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
অতিরিক্ত রেটিনল ব্যবহার
যদিও রেটিনল ত্বকের জন্য উপকারী এবং সবচেয়ে মৃদু অ্যান্টি-এইজিং হিসেবে কাজ করে। এটি সংবেদনশীল ত্বকে জ্বালা, লালচেভাব, শুষ্কতা, চামড়া ওঠা ইত্যাদি সমস্যা সৃষ্টি করতে পারে।
যে কারণে যে কোনো রেটিনল সমৃদ্ধ পণ্য কেনার আগে নিজের ত্বক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে।
অনেক প্রসাধনীতে সক্রিয় রেটিনল উচ্চ ঘনত্বে থাকে যা ব্যবহার করা নিরাপদ নয়। সেক্ষেত্রে একই কাজ করে এমন মৃদু বিকল্প পণ্য ব্যবহার করা যেতে পারে।
স্ক্রাব করা
সঠিক পণ্য কিনেও তার সঠিক ব্যবহার করতে না পারা ত্বকের ক্ষতির কারণ। ত্বক উপযোগী স্ক্রাব কেনার পরেও যদি তা খুব বেশি চাপ প্রয়োগ করে ব্যবহার করা হয় বা বেশি ঘষা হয় তাহলে ত্বকে ক্ষত সৃষ্টি করতে পারে। যা নানান সমস্যা সৃষ্টি করে।
ত্বকে সমস্যা
ত্বকে একজিমা, সিরোসিস, ক্ষত বা অন্যান্য সমস্যা থাকলে তাতে সুগন্ধি, অ্যালকোহল, রঞ্জক সমৃদ্ধ প্রসাধনীর একের পর এক ব্যবহার সমস্যা আরও গুরুতর করে। আর ত্বক শুষ্ক করে ফেলে।
এমনটা দেখা দিলে এসব রাসায়নিক প্রসাধনী পরিবর্তন করে অ্যালার্জি নেই এমন হালকা প্রসাধনী ব্যবহার করা উপকারী।
ত্বকের জন্য মৃদু ফেইসওয়াশ, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। দেখে নিতে হবে প্রসাধনী যেন সাবান বিহীন এবং প্রো ভিটামিন বি, ভিটামিন ই যুক্ত ও সুগন্ধি, রঞ্জক, প্যারাবেন, রং, অ্যালকোহল এবং নন-কমেডোজেনিক ও হাইঅ্যাপোলার্জেনিক হয়ে থাকে।
সংবেদনশীল ত্বকের জন্য এই ধরনের প্রসাধনী উপযুক্ত।
ভুল সানস্ক্রিন ব্যবহার
‘ফিজিক্যাল সান স্ক্রিন’য়ে রয়েছে টিটানিয়াম ডাইঅক্সাইড বা জিংক অক্সাইড। এগুলো ত্বকে সামান্য প্রতিক্রিয়া করে থাকে।
অক্সিবেঞ্জোন এবং অ্যাভোবেঞ্জোন ধরনের সক্রিয় উপাদান সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার থেকে দূরে থাকা উচিত।
অতিরিক্ত প্রসাধনী ব্যবহার
বাজারে এমন অনেক পণ্যই কিনতে পাওয়া যায় যা ত্বকের সমস্যার সমাধান দেবে বলে দাবী করে।
তাতে উৎসাহিত হয়ে একাধারে অনেক পণ্য কেনা ও একের পর এক ব্যবহার করে যাওয়া ত্বকের জন্য ক্ষতিকর।
ত্বকে যত বেশি পণ্য ব্যবহার করা হয় তত বেশি প্রতিক্রিয়া করার ঝুঁকি থাকে।
অনেকেই ত্বকের আর্দ্রতা রক্ষায় এমন ময়েশ্চারাইজার ব্যবহার করেন যা স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড এবং রেটিনলের মতো উপাদান সমৃদ্ধ। এসব ত্বককে শুষ্ক করে ফেলে।
তাই সংবেদনশীল ত্বকে হালকা ও আর্দ্রতা রক্ষা করে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
ময়েশ্চারাইজার কেনার সময় খেয়াল রাখতে হবে যেন এতে ভিটামিন ই, প্রো ভিটামিন বি ৫ এবং বোরাজ তেল থাকে।
অন্যদিকে, এতে যেন কোনো রকম সুগন্ধি, রং, প্যারাবেন, রঞ্জক বা অ্যালকোহল না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে।