তেলের দাম ‘কিছুটা’ না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি করবে না, বললেন কৃষিমন্ত্রী
Saturday, 5 March 2022
ইউক্রেইন যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে দাম ‘বাড়ায়’ ভোজ্য তেলের মূল্য দেশে ‘কিছুটা’ না বাড়ালে ব্যবসায়ীরা আমদানি করবে না বলে মনে করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
মন্ত্রী বলেন, “ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্য তেল আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায় তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না।”
তবে সরকার কঠোরভাবে বাজার ‘মনিটর’ করছে জানিয়ে তিনি আরও বলেন, “পর্যাপ্ত পরিমাণ ভোজ্য তেল আনার চেষ্টা করছে (সরকার)। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গত দুই বছরে কোভিডের সময় উন্নত বিশ্বের কৃষকরা আবাদ করেননি, মাঠে নামেননি, শ্রমিক খনিতে নামেননি। আবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব বাংলাদেশেও পড়েছে।”
শনিবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। তিনি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অতিথি ছিলেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ সময় চালের দাম নিয়ে কৃষিমন্ত্রী বলেন, “মোটা চালের দাম স্থিতিশীল আছে, সরু চালের দাম এখনও কিছুটা বেশি।”