logo

ঢাবি ‘গ' ইউনিটের ফল প্রকাশ, ভর্তির যোগ্য ২১.৭৫ শতাংশ

এফই অনলাইন ডেস্ক | Tuesday, 23 November 2021


ভর্তির যোগ্য বিবেচিত এই ৫ হাজার ৭৯ জনের মধ্যে শেষ পর্যন্ত ১ হাজার ২৫০ জন মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২২ অক্টোবর এই ভর্তি পরীক্ষায় ২৩ হাজার ৩৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে এই ৫ হাজার ৭৯ জন লিখিত ও এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই বিবেচনায় পাসের হার ২১ দশমিক ৭৫ শতাংশ।

গ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১০৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নটেরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ আরাফাত সামির আবির।

ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করা মোস্তাফিজুর রহমান ১০২ দশিমক ৭৫ নম্বর পেয়ে দ্বিতীয় এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে আসা কাজী হাসনা হেনা ১০১ দশমিক ২৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।

# যেভাবে  জানা যাবে ফল

ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।